বাকায়ি: ইরানের শিশু ক্যান্সার হাসপাতালের পাশে মার্কিন হামলা যুদ্ধাপরাধের শামিল
-
বাকায়ি
পার্সটুডে – ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দক্ষিণ-পশ্চিম ইরানের আহভাজ শহরে শিশুদের ক্যান্সার চিকিৎসাকেন্দ্রের কাছে যুক্তরাষ্ট্রের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এ হামলার কারণে হাসপাতালটি খালি করে দিতে হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়য়ি সামাজিক মাধ্যমে আহভাজের শহীদ বাকায়ি হাসপাতাল খালি করার কিছু ছবি প্রকাশ করে লেখেন, রাতে হাসপাতালের নিকটবর্তী একটি স্থানে যুক্তরাষ্ট্রের হামলার পর শিশুদের ক্যান্সার চিকিৎসার এই হাসপাতালটি জরুরিভাবে খালি করা হয়।
ইসমাইল বাকায়ি বলেন, এই নৃশংস হামলা চিকিৎসাকেন্দ্রগুলোর বিরুদ্ধে ইসরায়েলের হামলার কথা স্মরণ করিয়ে দেয়। এর ফলে হাসপাতালে ভর্তি শিশুদের মধ্যে চরম ভয় ও মানসিক আতঙ্ক সৃষ্টি হয় এবং কেমোথেরাপি নিচ্ছিলেন এমন ২১১ জন রোগীকে জরুরি ভিত্তিতে অন্যত্র সরিয়ে নিতে হয়।
তিনি আরও বলেন, এই কাপুরুষোচিত হামলা নিরপরাধ মানুষের বিরুদ্ধে সংঘটিত একটি জঘন্য অপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইনের দৃষ্টিতে যুদ্ধাপরাধের শামিল। যারা সবসময় মানবাধিকারের কথা বলে, অথচ জেনেশুনে হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে হামলা করে, তারা তাদের সব ধরনের নৈতিক বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।#
পার্স টুডে/এস এ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।