কলকাতায় রেডিও তেহরানের শ্রোতাদের সঙ্গে মতবিনিময় ও প্রচারসামগ্রী বিতরণ
ভারতের পশ্চিম বঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় রেডিও তেহরানের শ্রোতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৭ আগস্ট) ‘আহ্বান রেডিও শ্রোতা সমাবেশ’র অবকাশে এই মতবিনিময় হয়।
কলকাতার একটি মিলনায়তনে অনুষ্ঠিত এই শ্রোতা সমাবেশে পশ্চিম বঙ্গ রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় অর্ধশতাধিক শ্রোতা অংশগ্রহণ করেন। উত্তর বঙ্গের কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, কলকাতা, বর্ধমান, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, নাদিয়া, মুর্শিদাবাদ প্রভৃতি জেলার প্রবীণ ও নবীন শ্রোতারা এ সমাবেশে যোগ দেন।
আহ্বান রেডিওর এই শ্রোতা সমাবেশের অবকাশে শ্রোতাদের একাংশের সাথে মতবিনিময় করেন ভারতে রেডিও তেহরানের মনিটর এস এম নাজিম উদ্দিন।
এসময় কোচ বিহার জেলা থেকে আগত রেডিও তেহরানের নিয়মিত শ্রোতা মনীষা রায় ও তপন বসাক বলেন, "আমরা রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান নিয়মিত শুনছি, ভালোই লাগছে। তবে রেডিও’র শ্রবণমান ভালো না থাকার কারণে এবং ফেসবুক লাইভে অনুষ্ঠান সম্প্রচার মাঝে মাঝেই বিঘ্ন হওয়ায় অনুষ্ঠান শোনায় ছেদ পড়ছে। নিরবচ্ছিন্নভাবে অনুষ্ঠান প্রচার করার অনুরোধ জানাচ্ছি। পশ্চিম বঙ্গে রেডিও শ্রোতাদের নিয়ে একটি সমাবেশের আয়োজনেও জোর দাবি জানাচ্ছি।"

সুদূর ত্রিপুরা রাজ্যের আগরতলা হতে রেডিও তেহরানের নিয়মিত ও প্রবীণ ডি এক্সার-শ্রোতা প্রদীপ চন্দ্র কুন্ডু, কলকাতার ডি এক্সার সুদীপ্ত ঘোষ এবং পশ্চিম মেদিনপুরের প্রখ্যাত ডি এক্সার-শ্রোতা সিদ্ধার্থ ভট্টাচার্য অনুষ্ঠানের শর্টওয়েভ শ্রবণ মানের বিষয়ে অভিযোগ জানান। এর সাথে নিয়মিত ও দ্রুত E-QSL ইস্যু করার অনুরোধ জানান। প্রিন্ট করা QSL পাঠানোর ব্যবস্থা করলে অনেক শ্রোতাবন্ধু আগ্রহী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে বিশ্বনাথ মন্ডল, তরুণ মৈত্র, নিঠু হালদার, ডোমকল থেকে সহিদুল হক, বহরমপুর থেকে শিবেন্দু পাল, নোয়াপাড়া থেকে নিজামুদ্দিন শেখ ও জাকির হোসেন প্রমুখ শ্রোতাবৃন্দ ফেসবুক লাইভে অনুষ্ঠান প্রচারের বিঘ্নতা কাটিয়ে তোলার বিষয়ে জোর দেন এবং সাউন্ড সিস্টেম জোরালো করার অনুরোধ করেন। শ্রোতাদের জন্যে বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থাপনা ও শর্টওয়েভে অনুষ্ঠান প্রচারও যাতে অব্যাহত থেকে সেই আশাবাদ ব্যক্ত করেন।
শ্রোতা মতবিনিময় সভায় উপস্থিত নদীয়া জেলার আলামীন শেখ হিরামন, খোশ মোহাম্মদ, চাঁদ মোহাম্মদ, উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে আনারুল ইসলাম, মুর্শিদাবাদ থেকে বুলবুল শেখ প্রমুখ নিয়মিত শুনলেও চিঠি বা ইমেইলে যোগাযোগ কম করেন। তাদের সকলকেই অনুরোধ জানানো হয় যাতে নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি, চিঠি বা ইমেইলের মাধ্যমে মতামত জানান ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

এদিন দক্ষিণ দিনাজপুর জেলার নিয়মিত শ্রোতা বিধান চন্দ্র সান্যাল-এর হাতে তুলে দেওয়া হয়, ফেসবুকে গতবছরের শ্রেষ্ঠ শেয়ারের দ্বিতীয় পুরস্কারস্বরূপ সুদৃশ্য ক্যালিগ্রাফি ও সনদ। এছাড়া, রেডিও তেহরানের কলকাতা সংবাদদাতা আব্দুল হাকিমের প্রতিনিধির হাতেও তুলে দেওয়া হয় বিশেষ উপহার ও সনদ।
উপস্থিত সকল শ্রোতা রেডিও তেহরান বাংলা বিভাগ কর্তৃপক্ষের কাছে পশ্চিম বঙ্গে একটি শ্রোতা সম্মেলনের আয়োজন করার জন্যে জোরালোভাবে দাবি জানান।
অনুষ্ঠানের অবসরে "ইন্টারন্যাশনাল ডি এক্স রেডিও শ্রোতা" ক্লাব মুর্শিদাবাদ-এর সৌজন্যে রেডিও তেহরানের অনুষ্ঠান সূচি, স্টিকার, কার্ড, ব্রুশিয়ার প্রভৃতি উপস্থিত শ্রোতাদের একাংশের মধ্যে বিতরণ করা হয়।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।