ফের হরমুজ প্রণালি খুলতে ট্রাম্পের হাতে কোনো কার্যকর কৌশল নেই: ইকোনমিস্ট:
https://parstoday.ir/bn/news/event-i161330-ফের_হরমুজ_প্রণালি_খুলতে_ট্রাম্পের_হাতে_কোনো_কার্যকর_কৌশল_নেই_ইকোনমিস্ট
পার্সটুডে: ইকোনমিস্ট সাময়িকী এক প্রতিবেদনে লিখেছে, হরমুজ প্রণালি পুনরায় চালু করার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা ও নতুন নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার কোনো কার্যকর উপায় নেই।
(last modified 2026-07-15T10:19:25+00:00 )
জুলাই ১৫, ২০২৬ ১৬:০৪ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পার্সটুডে: ইকোনমিস্ট সাময়িকী এক প্রতিবেদনে লিখেছে, হরমুজ প্রণালি পুনরায় চালু করার ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের কৌশলগত ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা ও নতুন নিষেধাজ্ঞা আরোপ সত্ত্বেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হাতে প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার কোনো কার্যকর উপায় নেই।

ইকোনমিস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের টানা পাঁচ রাতের সামরিক হামলা ইরানের অবস্থানে কোনো পরিবর্তন আনতে পারেনি। বরং ইরান তার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার মাধ্যমে হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার ক্ষমতা অক্ষুণ্ন রেখেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্লেষকদের মতে, এমনকি ইরানের উপকূলীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো ধ্বংস হয়ে গেলেও দেশটি স্থলভাগ থেকে হামলা চালিয়ে যেতে সক্ষম হবে।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প, যিনি এর আগে ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে (MoU) একটি বড় সাফল্য হিসেবে তুলে ধরেছিলেন, এখন আবার প্রায় তিন মাস আগের একই অবস্থায় ফিরে গেছেন। এমন এক পরিস্থিতিতে, যেখানে সামরিক হুমকি কিংবা অর্থনৈতিক প্রলোভন—কোনোটিই ইরানকে হরমুজ প্রণালি পুনরায় খুলতে রাজি করাতে পারছে না।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২৫ মে (৪ খোরদাদ) থেকে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজের চলাচল সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। একই সময়ে ৬ জুলাই (১৫ তীর) থেকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে।

ইকোনমিস্ট আরও লিখেছে, আন্তর্জাতিক সমর্থন আদায়ের ক্ষেত্রেও ট্রাম্প ব্যর্থ হয়েছেন। পারস্য উপসাগরীয় আরব দেশগুলো সম্ভাব্য পরিণতির আশঙ্কায় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে অংশ নিতে আগ্রহী নয়। অন্য দেশগুলোও কেবল মৌখিকভাবে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েই সীমাবদ্ধ রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরান হরমুজ প্রণালির ওপর তার নিয়ন্ত্রণ বজায় রেখে ভবিষ্যৎ আলোচনায় এটিকে একটি শক্তিশালী কূটনৈতিক ও কৌশলগত চাপের হাতিয়ার হিসেবে ধরে রেখেছে।

প্রতিবেদনের উপসংহারে ইকোনমিস্ট জোর দিয়ে বলেছে, ট্রাম্প শুধু সামরিক পদক্ষেপ নয়, অন্য কোনো বিকল্পের মাধ্যমেও হরমুজ প্রণালি পুনরায় চালু করার কার্যকর সমাধান খুঁজে পাননি। #
 

পার্স টুডে/এমএএইচ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।