বিডিওকে গণধোলাই দেয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের, পাল্টা মন্তব্য তৃণমূল নেতার  
https://parstoday.ir/bn/news/india-i117142-বিডিওকে_গণধোলাই_দেয়ার_হুঁশিয়ারি_বিজেপি_বিধায়কের_পাল্টা_মন্তব্য_তৃণমূল_নেতার
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) বা ব্লক উন্নয়ন কর্মকর্তাকে গণধোলাই দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। 
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১২, ২০২২ ১৫:১৩ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) বা ব্লক উন্নয়ন কর্মকর্তাকে গণধোলাই দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। 

তিনি আজ (সোমবার) বনগাঁ বিডিও অফিসের সামনে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময় প্রশাসন ও বিডিওকে সতর্ক করেন। বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, ‘নির্লজ্জ রাজ্য সরকারকে বলতে চাই, আর নির্লজ্জ প্রশাসনকে বলতে চাই, আপনারা যদি আপনাদের কাজ সুষ্ঠুভাবে না করেন, আগামী দিনে এই বিডিও অফিসের গেট ভেঙে আপনার ঘরে গিয়ে পাবলিক গণধোলাই দেবে এবং গণপিটুনি দেবে আপনি তা দেখবেন। আপনার তৃণমূলের (টিএমসি) বাবারা তা দেখতে  আসবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওই টিএমিসির বাবারা আপনাকে বাঁচাতে আসবে না।’   

এ প্রসঙ্গে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিধায়ক বিশ্বজিৎ দাস পাল্টা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘ওদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে।

ওরা বিভ্রান্ত হয়ে পড়েছে। সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে, সেজন্য ওরা এধরণের অশ্লীল কুকথা বলছে। বিজেপির যারা এরকম জনপ্রতিনিধি হয়েছেন, মানুষকে বেধে রাখো, মানুষকে মারো, মানুষের ক্ষতি করো, উন্নয়ন স্তব্ধ করে দাও এভাবেই ওরা অভ্যস্ত। অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা উন্নয়নের সঙ্গে আছি, যাতে কোনো মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত না হয়। এটাই শুধু বিজেপি ও আমাদের মধ্যে পার্থক্য’ বলেও মন্তব্য করেন বাগদার বিধায়ক ও তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিধায়ক বিশ্বজিৎ দাস। #

পার্সটুডে/এমএএইচ/১২