কোলকাতায় চাকরি প্রার্থীদের মহামিছিল, ‘জোট করে লাভ নেই’- মন্তব্য ফিরহাদ হাকিমের
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় চাকরি প্রার্থীদের মহামিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (সোমবার) চাকরি প্রার্থীদের ৯টি সংগঠন যৌথভাবে মহামিছিলের ডাক দেওয়ায় কোলকাতার ধর্মতলাসহ বিভিন্ন এলাকা কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। এ প্রসঙ্গে আজ রাজ্যের মন্ত্রী ও কোলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘মহাজোট করে, পার্টি করে তো হবে না। যারা সত্যিকারের চাকরি প্রার্থী তাদের নিশ্চিতভাবে শিক্ষা দফতর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সংবেদনশীল। তাদের ব্যবস্থা হবে। কিন্তু এই জোট, রাস্তা, জোট-ভোট এ গুলো দিয়ে হয় না। একটু ধৈর্য ধরতে হবে, তাহলে নিশ্চিতভাবে হবে।’
মিছিলে শামিল হওয়া চাকরির প্রার্থী এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা ৬৪৫ দিন ধরে বিক্ষোভ করছি। সরকার যখন এত মানবিক তাহলে নিয়োগ দিচ্ছে না কেন? আমরা কতদিন বসে থাকব রাস্তায়?’
মিছিলে শামিল হওয়া বিশিষ্ট প্রাবন্ধিক মীরাতুন নাহার বলেন, ‘পশ্চিমবঙ্গে কোনও সরকার নেই। এখানে রয়েছে এক দলীয় শাসকদল। তাদের বিরোধীতা করার মতো কেউ নেই। আর বিরোধীদের সংঘবদ্ধ হওয়ার ক্ষমতা নেই। সেই কারণে এই সুযোগকে কাজে লাগিয়ে তারা মানুষকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করছে। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে বঞ্চিত যারা, তাদের সঙ্গে আমি হাঁটব।’
পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ চাকরিপ্রার্থীদের মিছিল প্রসঙ্গে বললেন, ‘কেউ কেউ মিছিলে যাননি। যোগ্য প্রার্থীদের চাকরি দিতে সরকার চায়। আবার কেউ কেউ ভাইফোঁটা নিতে যান। যোগ্য প্রার্থীদের আবেগকে কাজে লাগিয়ে কোনও কোনও দল সুপরিকল্পিত মিছিল করেছেন। কেউ কেউ যোগ্য আছেন। কিন্তু ওই মিছিলে বাকিরা এর ফায়দা লুটছে। নিয়োগের দরজা খুলছে। তবে কেউ কেউ চাইছে নিয়োগ যেন না হয়, মঞ্চগুলো যেন টেঁকে’ বলেও মন্তব্য করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/১৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।