'কংগ্রেস দল এই ইস্যুতে তুচ্ছ রাজনীতি করছে'!
তাওয়াং ইস্যুতে রাজ্যসভা থেকে ওয়াকআউট করল বিরোধীরা, সমালোচনা বিজেপির
ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে ভারত ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ ইস্যুতে সংসদের উচ্চ-কক্ষ রাজ্যসভা থেকে ওয়াকআউট করেছে বিরোধীরা।
এ নিয়ে সংসদে আলোচনার দাবিতে অনড় রয়েছে বিরোধীরা। বিরোধীদের অবস্থান নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। আজ (সোমবার) রাজ্যসভায় সংসদের নেতা পীযূষ গোয়েল বলেছেন, ‘কংগ্রেস দল এই ইস্যুতে তুচ্ছ রাজনীতি করছে। এমনকি সংসদের নিয়মকানুন উপেক্ষা করছে। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার ক্ষমতায় থাকার সময়েও এ ধরনের স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা হয়নি। একদিকে সেনাবাহিনী সীমান্তে শক্ত অবস্থানে রয়েছে, অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিবৃতি দিয়ে সেনাবাহিনীর মনোবল ভাঙার কাজ করছেন।
সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন, রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, চীন আমাদের জমি দখল করছে। এ বিষয়ে আলোচনা না হলে আমরা আর কী নিয়ে আলোচনা করব? আমরা হাউসে এই বিষয়ে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু ভারত-চীন সীমান্ত বিরোধ নিয়ে আলোচনার দাবি প্রত্যাখ্যানের কারণে যৌথ বিরোধী দল আজ রাজ্যসভা থেকে ওয়াকআউট করে।
আজ রাজ্যসভায় কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি চীন সীমান্তে কথিত নির্মাণের বিষয়টি উত্থাপন করেন। কংগ্রেস এমপি প্রমোদ তিওয়ারি চীনের সাথে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা করার জন্য রাজ্যসভায় ২৬৭ বিধির অধীনে নোটিশ দিয়েছিলেন। এর আগে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি অভিযোগ করেছিলেন, চীন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, তখন ভারত সরকার ঘুমিয়ে আছে এবং বিপদ উপেক্ষা করার চেষ্টা করছে। তিনি আরও অভিযোগ করেন, চীন ভারতের ২ হাজার বর্গকিলোমিটার এলাকা দখল করে নিয়েছে। অরুণাচল প্রদেশে আমাদের জওয়ানদের মারধর করা হচ্ছে বলেও অভিযোগ করেন রাহুল গান্ধী।
তার এ ধরণের মন্তব্যের তীব্র বিরোধিতা করে ক্ষমতাসীন বিজেপি শনিবার তাকে তীব্রভাবে নিশানা করে এবং অবিলম্বে তাকে কংগ্রেস থেকে বের করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছে। একই সঙ্গে রাহুল গান্ধীর বিরুদ্ধে চীন ও পাকিস্তানের ভাষায় কথা বলার অভিযোগ তুলেছেন বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজুর অভিযোগ, রাহুল গান্ধী শুধু ভারতীয় সেনাবাহিনীকেই অপমান করছেন না, দেশের ভাবমূর্তিও নষ্ট করছেন। #
পার্সটুডে/এমএএইচ/১৯