‘বিজেপি আসিয়া ত্রিপুরা দিল ভাসাইয়া’!
দেশ চালাচ্ছে আদার ব্যাপারিরা! চার দিন আগেই সরকার পড়ে যাচ্ছিল : মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেছেন, আদার ব্যাপারীরা আজকে দেশ নিয়ন্ত্রণ করছে, চার দিন আগেই তো সরকার পড়ে যেত! কোনোরকম টিম টিম করে জ্বলছে।
তিনি আজ (মঙ্গলবার) ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস আয়োজিত এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন। ত্রিপুরায় আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল কংগ্রেস। রাজ্যটিতে আগামী ১৬ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে ২ মার্চ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সবাইকে সতর্ক করে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) এবং বিমা সংস্থা লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) সম্পর্কে বলেন, ‘যেদিন ‘এলআইসি’ টিম টিম করে নিভে যাবে, যেদিন স্টেট ব্যাঙ্ক নিভে যাবে, আপনাদের টাকাগুলো যারা এসব জায়গায় রেখেছেন, ভবিষ্যতের জন্য কেউ পেনশন পাবেন, কেউ প্রভিডেন্ট ফান্ড পাবেন, কেউ হাউজিং লোন নিয়েছেন, কেউ নানারকমভাবে টাকা জমান কষ্ট করে মায়েরা-বোনেরা লক্ষ্মীর ভাণ্ডারের মতো, সেই টাকাগুলো ফেরত পাবেন? নোট বাতিলের ফলে ব্ল্যাকমানি ফেরত এসেছে? ব্ল্যাকমানি পার্টিতে ঢুকে গেছে। ফেরত কিন্তু আসে নাই।’
মমতা বলেন, ‘আমি আগে শ্লোগান দিতাম ‘সিপিএম আসিয়া, ত্রিপুরা দিল ভাসাইয়া’। এখন বলি ‘বিজেপি আসিয়া ত্রিপুরা দিল ভাসাইয়া’। কংগ্রেস-সিপিএম-বিজেপি জোট বাধিয়া ত্রিপুরা দিল ভাসাইয়া। তাই এখন আর অন্য কাউকে নয়, তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন।’
মমতা কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এখন আমরা মহীরুহ হয়ে গেছি, তাই মনে রাখবেন, এখন আর আমাদের খেয়ে ফেলা বা পিষে ফেলা সম্ভব নয়। একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কথা উল্লেখ করে মমতা বলেন, ‘যদি মনে করেন কাউকে গ্রেফতার করে কাউকে ‘ইডি’ করে কাউকে ‘সিবিআই’ করে ভোটে জিতবেন, ভয় দেখাবেন, তাহলে বলে রাখি, দিনটা কিন্তু আজকেই শেষ নয়, কালও আছে। আগে দেখুন ২০২৪ সালের নির্বাচনে কী হয়! অপেক্ষা করুন, দেখুন মানুষ কী করে ডাবল ইঞ্জিন (কেন্দ্র ও রাজ্যে বিজেপি সরকার) করে, না সিঙ্গেল ইঞ্জিন করে, না মানুষের ইঞ্জিন করে। সংবিধানটাকেও তো শেষ করে দিয়েছেন প্রায়! ইতিহাসও ভুলিয়ে দিয়েছেন প্রায়। ত্রিপুরা এইটুকু জায়গা, তার মধ্যে কয়েকটা দোকান ছাড়া কিছু হয় নাই। একটা ফ্লাইওভার করেছে এইটুকু! দুইটা গাড়ি যায় না’ বলেও ত্রিপুরায় ক্ষমতাসীন বিজেপি সরকারকে কটাক্ষ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। #
পার্সটুডে/এমএএইচ/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।