পশ্চিমবঙ্গ বিধানসভায় হট্টগোল
https://parstoday.ir/bn/news/india-i119634-পশ্চিমবঙ্গ_বিধানসভায়_হট্টগোল
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে আজ তুমুল হট্টগোল হয়েছে। 
(last modified 2026-04-22T13:03:21+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১৫:০৩ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গ বিধানসভায় হট্টগোল

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে আজ তুমুল হট্টগোল হয়েছে। 

আজ (সোমবার) শুভেন্দু অধিকারী বক্তব্যকে কেন্দ্র করে রাজ্য শাসক দল তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়। অন্যদিকে, স্পিকারের অভিযোগ, তার সঙ্গে দুর্ব্যবহার  করেছেন বিরোধী দলনেতা। ওই ঘটনাকে কেন্দ্র করে স্পিকারের কাছে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করার দাবি জানান তৃণমূল বিধায়ক ও বিধানসভার উপমুখ্যসচেতক তাপস রায়। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে সাসপেন্ড করার প্রস্তাব দেওয়া হয়। 

কিন্তু পরবর্তীতে শুভেন্দুর হয়ে ক্ষমা চান  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাসপেনশন প্রস্তাবের বিরোধিতা করেন তিনি। স্পিকার বলেন, যেহেতু মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়ে নিয়েছেন তাই প্রস্তাব প্রত্যাহার করে নিন। অবশেষে স্পিকারের কথায় প্রস্তাব প্রত্যাহার করে নেন উপমুখ্যসচেতক তাপস রায়। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এ থেকে বিরোধীদের শিক্ষা নেওয়া উচিত।  

অন্যদিকে, কথা বলতে না দেওয়ার অভিযোগে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ঘোষণা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, বিধানসভায় দেওয়া বক্তব্যকে কার্যবিবরণী থেকে অন্যায়ভাবে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার। তিনি কোনও অসংসদীয় কথা বলেননি বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী। স্পিকার বিধানসভার গরিমা নষ্ট করেছেন বলেও অভিযোগ করেছেন বিধায়ক শুভেন্দু অধিকারী। 

শুভেন্দু অধিকারীর অভিযোগ, রাজ্যপালকে দিয়ে মিথ্যা তথ্য দেওয়ানো হচ্ছে। বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপালের বক্তব্যে দুর্নীতি এবং সন্ত্রাসের প্রসঙ্গও ছিল না বলে অভিযোগ করেন তিনি। এ সময়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কথা কাটাকাটি হয়। বিজেপি বিধায়করা ‘পিসি চোর, ভাইপো চোর’ শ্লোগান তোলেন। এরপরে বিজেপি বিধায়করা শ্লোগান দিতে দিতে বিধানসভা থেকে বেরিয়ে যান। 

শুভেন্দু অধিকারীর অভিযোগ, ‘পঞ্চায়েত ভোটের তফসিল ঘোষণা না করা হলেও তৃণমূল নেতারা সহিংসতায় প্ররোচনা দিচ্ছেন। রাজ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি,  কেন্দ্রীয় অনুদান হিসেবে পাওয়া অর্থ অন্য খাতে খরচ করা,  দুর্নীতির অভিযোগে রাজ্যের একাধিক বিধায়ক জেলে থাকলেও এ সব প্রসঙ্গ কেন রাজ্যপালের ভাষণে শোনা যায়নি, তা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। সরকারি আমলারা বাসভবন পাওয়ার পরেও কেন তাদের বিশেষ ভাতা দেওয়া হবে, তা নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে প্রশ্ন রাখেন শুভেন্দু। এরপরেই এসব নিয়ে সরকার পক্ষ ও বিজেপি বিধায়কদের মধ্যে ব্যাপক বিবাদ সৃষ্টি হয়। #

পার্সটুডে/এমএএইচ/১৩