'দিদি নোংরা ঘেঁটেছেন, সেজন্য তাকে দুর্গন্ধের শিকার হতেই হবে'
https://parstoday.ir/bn/news/india-i120458-'দিদি_নোংরা_ঘেঁটেছেন_সেজন্য_তাকে_দুর্গন্ধের_শিকার_হতেই_হবে'
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা ও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে বলেছেন, ‘তিনি নিজে নোংরা ঘেঁটেছেন, সেজন্য তাকে দুর্গন্ধের শিকার হতেই হবে।’ তিনি আজ (মঙ্গলবার) ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৭, ২০২৩ ১৬:২০ Asia/Dhaka
  • 'দিদি নোংরা ঘেঁটেছেন, সেজন্য তাকে দুর্গন্ধের শিকার হতেই হবে'

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সিনিয়র নেতা ও পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে বলেছেন, ‘তিনি নিজে নোংরা ঘেঁটেছেন, সেজন্য তাকে দুর্গন্ধের শিকার হতেই হবে।’ তিনি আজ (মঙ্গলবার) ওই মন্তব্য করেন।

অধীর বাবু আজ বলেন, ‘আমি কোনোদিন কখনও জীবনে কোনো ব্যক্তিগত জীবন নিয়ে রাজনীতি করিনি, আজও করছি না, আগামীদিনেও করব না।’ এ সময়ে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাকে ‘দিদি’ উল্লেখ করে বলেন, ‘দিদির সঙ্গে আমার লড়াই, কংগ্রেসের লড়াই হল রাজনৈতিক লড়াই। কিন্তু প্রশ্ন হল, সম্মানটা  একতরফা হয় না। মর্যাদা একতরফা হয় না। এটা বাংলার মুখ্যমন্ত্রীর বোঝা উচিত। তিনি নিজে নোংরা ঘেঁটেছেন, ফলে তাকে তো দুর্গন্ধের শিকার হতেই হবে।’  

সম্প্রতি মুর্শিদাবাদের সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর জয়ের পরে রাজ্য কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি’র বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু মন্তব্য করেন। তিনি বলেন, অধীরের কন্যার আত্মহত্যা এবং তার গাড়িচালকের মৃত্যু নিয়ে তিনি ‘অনেক কথা’ জানেন। তিনি ‘মুখ খুললে’ বিপদ হবে! তার জেরে গত (শুক্রবার) পাল্টা সংবাদ সম্মেলন করে কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তুভ বাগচী তৃণমূলের সাবেক বিধায়ক ও রাজ্যের সাবেক আমলা দীপক ঘোষের একটি বইয়ের প্রসঙ্গ উল্লেখ করে মুখ্যমন্ত্রীকে ‘ব্যক্তি আক্রমণ’ করেন বলে অভিযোগ। 

এরপরেই কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তুভ বাগচীকে পুলিশ গ্রেফতার করে। পরবর্তীতে কোলকাতার ব্যাঙ্কশাল আদালত থেকে তিনি জামিনে মুক্ত হন। এরপর তিনি বলেন, যতদিন না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাচ্যূত হচ্ছেন, ততদিন পর্যন্ত মাথায় চুল রাখবেন না। আদালত চত্বরেই তিনি নাপিত ডেকে মাথা ন্যাড়া করে ফেলেন। এসব ঘটনায় রাজ্য রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/জিএআর/৭