প্রধানমন্ত্রী ও রাজ্যে বিরোধী দলনেতার পদ খারিজের দাবি তুললেন অভিষেক
https://parstoday.ir/bn/news/india-i121270-প্রধানমন্ত্রী_ও_রাজ্যে_বিরোধী_দলনেতার_পদ_খারিজের_দাবি_তুললেন_অভিষেক
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি প্রধানমন্ত্রী ও রাজ্যে বিরোধী দলনেতার পদ খারিজের দাবি তুলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৯, ২০২৩ ১৫:১৮ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী ও রাজ্যে বিরোধী দলনেতার পদ খারিজের দাবি তুললেন অভিষেক

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি প্রধানমন্ত্রী ও রাজ্যে বিরোধী দলনেতার পদ খারিজের দাবি তুলেছেন।

তিনি আজ (বুধবার) বিকেলে পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার শহীদ মিনার চত্বরে আয়োজিত দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে এ সংক্রান্ত মন্তব্য করেন। এদিকে আজ একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনা করার অভিযোগে কোলকাতায় দু’দিনের ধর্না-অবস্থানে শামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

 তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতে, ‘মোদী’ পদবির লোকদের ‘চোর’  বলায়, তাদের ভাবাবেগে আঘাত লাগার জন্য যদি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর এমপি পদ খারিজ হয় তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নারীদের সম্পর্কে যে মন্তব্য করেছিলেন সেজন্য তার পদ খারিজ হবে না কেন?  এ সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভারতবর্ষের প্রধানমন্ত্রী ২০২১ সালের নির্বাচনে এসে ‘দিদি ও দিদি’  উল্লেখ করে এভাবে মহিলাদের যিনি আঘাত করেছেন সেই প্রধানমন্ত্রীর পদ খারিজ হবে না কেন? কেন হবে না? গোটা মহিলা সম্প্রদায়কে যিনি ‘ব্যাঙ্গাত্মকভাবে কুরুচিকরভাবে’ যিনি আক্রমণ করেছেন, সেই প্রধানমন্ত্রীর পদ খারিজ হবে না কেন? আমার প্রশ্ন।’ 

অভিষেক বলেন, ‘এখানে ‘এসটি’ (তপশিলি উপজাতি) সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন। ‘মোদী’ বলায় যদি ‘ওবিসি’ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লাগার অভিযোগে রাহুল গান্ধীর দু’বছর সাজা হয়, তাহলে বীরবাহা হাঁসদা, দেবনাথ   হাঁসদাদের বলেছিল এ রাজ্যের বিরোধী দলনেতা যে, ওরা আমার জুতার তলে থাকে! তাহলে বিরোধী দলনেতার দু’বছরের জেল হবে না কেন? কেন? আইন কী আমার জন্য আলাদা, আর আপনার জন্য আলাদা? ভারতবর্ষের আইন আমি তৃণমূল করি বলে একরকম, আর আপনি বিজেপি করেন বলে আরেক? কোথাকার বিচার?’ 

এরপর ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনি পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়ে বলেন, ‘আমি আমাদের লিগ্যাল সেলের যারা দায়িত্বে আছেন যারা আইনজীবী, সুরাট কোর্টের রায়কে হাতিয়ার করে আমরা আদালতে যাব। ওবিসি সম্প্রদায়ের  ভাবাবেগে আঘাত হয়েছে বলে যদি রাহুল গান্ধীর এমপি পদ খারিজ হয় তাহলে ‘এসটি’ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করে শুভেন্দু অধিকারী (বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক) কেন জেলে যাবে না? ওই বিষয়ে আগামে এক মাসের মধ্যে পিটিশন চাই। তারপর মানুষ দেখুক বিচার ব্যবস্থা কাকে সমর্থন করছে, বিচার ব্যবস্থা স্বাধীন কী না।’রাহুল গান্ধীর যদি এমপি পদ খারিজ হয় তাহলে প্রধানমন্ত্রী ও রাজ্যের বিরোধী দলনেতার পদ খারিজ হবে না কেন সেই প্রশ্ন করেছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। #

পার্সটুডে/এমএএইচ/আমির/২৯   

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।