পশ্চিমবঙ্গে সহিংসতা নিয়ে মমতাকে কেন্দ্রের তীব্র সমালোচনা: পাল্টা জবাব তৃণমূল ও সিপিএমের
-
মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের হাওড়ায় রামনবমীর মিছিলকে কেন্দ্র সহিংসতা নিয়ে রাজ্যে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। একইসঙ্গে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করার পাশাপাশি তাকে হুঁশিয়ারি দিয়েছেন।
আজ (রোববার) কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, ‘কিছু ঘটতে পারে, মুখ্যমন্ত্রীর কাছে আগাম এই খবর থাকলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়নি কেন? তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় জেনে বুঝে চোখ বন্ধ করে ছিলেন।’ এর পরই মমতাকে কার্যত হুঁশিয়ারি দিয়ে অনুরাগ ঠাকুর বলেন, ‘মমতাজী, চোখ বন্ধ করলে কাজ হবে না। বিজেপির নেতা-কর্মীরা রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন। আপনার বিরুদ্ধে অভিযোগ করবেন। আর আপনার রাজ্যে আইনশৃঙ্খলা ব্যবস্থা যে ভাবে ভেঙে পড়েছে তা নিয়ে যদি আপনার ঘুম না ভাঙে তাহলে আপনার বিরুদ্ধে সঠিক পদক্ষেপ করা উচিত। কারণ, একবার নয়, বারবার একই ঘটনা ঘটছে।’
এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, 'অনুরাগের দলের তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী নরেন্দ্র মোদীকে গুজরাট প্রসঙ্গে বলেছিলেন ‘রাজধর্ম’ পালন করতে। উনি এখন সে কথা ভুলে গেছেন? আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়, ওকে দিল্লিতে বসে দাদাগিরি কে করতে বলেছেন? এসব হুমকির কথা। নির্বাচিত সরকারের মহিলা মুখ্যমন্ত্রীকে হুমকি দিচ্ছেন!বিজেপির কী অবস্থা! লজ্জা লাগছে!’
ওই ইস্যুতে সিপিএম নেতা সুজন চক্রবর্তী কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরকে নিশানা করে বলেছেন, ‘যারা বলে, দেশ কে গাদ্দারো কো, গোলি মারো সালো কো’, তাদের মুখে এসব কথা মানায় না।’ ওই ইস্যুতে রাজ্য শাসকদল তৃণমূল ও বিজেপি নেতাদের মধ্যে এ ভাবে পাল্টাপাল্টি বাকযুদ্ধ চলছে। একইসঙ্গে আইনশৃঙ্খলার প্রশ্নে রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেছে সিপিএম ও অন্যরা। #
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।