মুসলিমদের উপর যেন অত্যাচার না হয়, ওদের রক্ষা করবেন: মমতা
https://parstoday.ir/bn/news/india-i121454-মুসলিমদের_উপর_যেন_অত্যাচার_না_হয়_ওদের_রক্ষা_করবেন_মমতা
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সহিংসতার আবহে রাজ্য মুসলিমদের রক্ষা করার জন্য হিন্দুদের প্রতি আহ্বান জানিয়েছেন।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
এপ্রিল ০৩, ২০২৩ ১৮:৩০ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সহিংসতার আবহে রাজ্য মুসলিমদের রক্ষা করার জন্য হিন্দুদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি আজ (সোমবার)পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে প্রশাসনিক সভায় বক্তব্য রাখার সময়ে এ সংক্রান্ত মন্তব্য করেন। একইসঙ্গে তিনি আগামী ৬ এপ্রিল (বৃহস্পতিবার) হনুমান জয়ন্তী সম্পর্কে প্রশাসনকে সতর্ক করে দিয়েছেন যাতে কেউ যেন দাঙ্গা না করতে পারে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ হিন্দুত্ববাদী গেরুয়া শিবিরের উদ্দেশ্যে বলেন, ‘রাম নবমীর মিছিল পাঁচ দিন হবে কেন? রাম নবমী যেদিন হয় সেদিন তোমরা মিছিল করো, আমাদের কারও আপত্তি নেই। কিন্তু বন্দুক নিয়ে মিছিল করবে না, বোমা নিয়ে মিছিল করবে না। মিছিল করছে অনুমতি না দেওয়া সত্ত্বেও। এত রাস্তা থাকতেও ঢুকে যাচ্ছে মাইনরিটি অঞ্চলে জেনেশুনে। এবং সেখান গিয়ে দেখেছেন আপনারা ফলের গাড়ি, রমযান মাসে তারা ফল কিনে খায়, ফলের গাড়িগুলো জ্বালিয়ে দিয়েছে! বন্দুক নিয়ে ড্যান্স করছে! আমি বললাম বন্দুক নিয়ে ড্যান্স করছ। কালকে রিষড়াতেও মিছিল করার পরে করেছে। আর একটা দিন প্রশাসনকে আমি সতর্ক করব ৬ তারিখটা (বৃহস্পতিবার) মনে রাখবে আমাদের ছেলে-মেয়ারাও। আমরা বজরংবলীকে সবাই সম্মান করি। কিন্তু ওরা যেন দাঙ্গার নামে আবার কোনও প্ল্যান না করতে পারে, এটা মাথায় রেখে দেবেন। সারা ভারতবর্ষে করছে।’

মমতা বলেন, ধর্ম যার যার নিজের। উৎসব সবার। আনন্দ করুন। ৬ তারিখটা আমি হিন্দু ভাই-বোনেদের দায়িত্ব দিয়ে রাখব, রমজান চলছে মুসলিমদের উপর যাতে কোনও অত্যাচার না হয় হিন্দু ভাই-বোনেরা গ্রামে-গ্রামে, জেলায়-জেলায় ওদের ভালো করে রক্ষা করবেন। ওরা মাইনরিটি ওরা যেন আমাদের কাছ থেকে বিচার পায়।’

প্রসঙ্গত, এর আগেও কোলকাতার রেড রোডের ধর্নামঞ্চ থেকে রামনবমীর দিন অশান্তির আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকে তিনি বলেন, রামনবমনীর দিন কেউ মিছিল করতেই পারেন। কিন্তু মুসলিম এলাকায় মিছিল নিয়ে গিয়ে অশান্তি করার চেষ্টা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তার পরও হাওড়া জেলার শিবপুর, হুগলী জেলার রিষড়াতে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে সহিংস ঘটনা ঘটেছে।# 

পার্সটুডে/এমএএইচ/এমবিএ/ ৩

 বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।