২০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের সমালোচনায় সোচ্চার বিরোধীরা, সাফাই দিলেন সুকান্ত
https://parstoday.ir/bn/news/india-i123426-২০০০_টাকার_নোট_বাতিলের_সিদ্ধান্তের_সমালোচনায়_সোচ্চার_বিরোধীরা_সাফাই_দিলেন_সুকান্ত
ভারতের কেন্দ্রীয় সরকার ২ হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় বিরোধী নেতারা সোচ্চার হয়েছে। কিন্তু ওই ইস্যুতে সাফাই দিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন জাল নোট বন্ধ করতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২১, ২০২৩ ০৫:৩৮ Asia/Dhaka
  • সুকান্ত মজুমদার
    সুকান্ত মজুমদার

ভারতের কেন্দ্রীয় সরকার ২ হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়ায় বিরোধী নেতারা সোচ্চার হয়েছে। কিন্তু ওই ইস্যুতে সাফাই দিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন জাল নোট বন্ধ করতেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোট বাতিল ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘প্রিয় ভাইবোনেরা জেগে উঠুন। নোট বাতিলের যে দুর্ভোগ আমাদের সহ্য করতে হয়েছে তা ভোলার নয়। যাদের প্ররোচনায় তা হয়েছে, তাদের ক্ষমা করা উচিত নয়।’    

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, ‘আমাদের স্বঘোষিত বিশ্বগুরুর মতো। আগে কাজ করো, তার পরে ভাবো। ২০১৬ সালের ৮ নভেম্বরে তুঘলকি ফরমানের সময়ের ঢাকঢোল পিটিয়ে আনা ২০০০ টাকার নোট প্রত্যাহার করা হচ্ছে। এই নোট যে লেনদেনের জনপ্রিয় মাধ্যম হতে পারে না, তা তারা চালুর সময়েই বলেছিলেন। এখন সেটা সত্যি প্রমাণ হল।’  

প্রধান বিরোধী দল কংগ্রেস বলেছেন ‘এই পদক্ষেপের উদ্দেশ্য কী, সরকারকে তা বলতেই হবে। সরকার গরিব বিরোধী, জনগণ বিরোধী কর্মসূচি চালাচ্ছে।’ 

আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন,  ‘প্রথমে বাজারে দু’হাজার টাকা আনা হল। এর ফলে নাকি দুর্নীতি বন্ধ হবে। আবার এখন দু’হাজার টাকার সেই নোটগুলি তুলে নেওয়া হবে। এবার নাকি দুর্নীতি পুরোপুরি আটকানো যাবে। ঠিক এই কারণেই আমি বলি, প্রধানমন্ত্রীর পড়াশোনা জানা প্রয়োজন। যে কেউ যখন খুশি অশিক্ষিত প্রধানমন্ত্রীকে যা খুশি বলে যাবেন। উনিও কিছু বোঝেন না। সাধারণ জনতাকে সমস্যার মুখে পড়তে হয়।’ 

গত (শুক্রবার) সন্ধ্যায় রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) ২ হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এ বার ব্যাঙ্কে নোট জমা দেওয়ার জন্য দেশবাসীকে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। ২৩ মে থেকে ব্যাঙ্ক এবং আরবিআইয়ের আঞ্চলিক দফতরগুলোতে গিয়ে ২ হাজারের নোট জমা দেওয়া যাবে। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত ২ হাজার টাকার নোটে লেনদেন  করা যাবে। ২ হাজার টাকার নোটের আইনি বৈধতা থাকবে। কিন্তু ৩০ সেপ্টেম্বরের  মধ্যে ২ হাজারের সমস্ত নোট গ্রাহকদের ব্যাঙ্কে জমা দিতে হবে।

২০১৬ সালের নভেম্বরে ৫০০ ও ১০০০ টাকার নোট  বাতিল করেছিল কেন্দ্রীয় সরকার। যার ফলে তোলপাড় হয়েছিল গোটা দেশ। ৭ বছর পর ফের নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার অবশ্য নোট বদল নয়। ২০০০ টাকার নোটে লেনদেন সম্পূর্ণভাবে বন্ধ করার কথা ঘোষণা করেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই। #

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।