ইসরাইলি আগ্রাসন বন্ধে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করুন: ভারতের প্রধানমন্ত্রীকে ইরান
https://parstoday.ir/bn/news/india-i130424-ইসরাইলি_আগ্রাসন_বন্ধে_সর্বোচ্চ_ক্ষমতা_প্রয়োগ_করুন_ভারতের_প্রধানমন্ত্রীকে_ইরান
ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলা অব্যাহত থাকার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০৭, ২০২৩ ১১:২৬ Asia/Dhaka
  • ইসরাইলি আগ্রাসন বন্ধে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করুন: ভারতের প্রধানমন্ত্রীকে ইরান

ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলা অব্যাহত থাকার মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ সময়ে সন্ত্রাসী ঘটনা, সহিংসতা এবং বেসামরিক মানুষের মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী এক বার্তায় বলেছেন, পশ্চিম এশিয়ার কঠিন পরিস্থিতি এবং ইসরাইল-হামাস সংঘাত নিয়ে ইরানের প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে মতবিনিময় করেছেন। সন্ত্রাসী ঘটনা, সহিংসতা এবং বেসামরিক মৃত্যু একটি গুরুতর উদ্বেগের বিষয়। 

গতকাল (সোমবার) উভয় রাষ্ট্রনেতার মধ্যে টেলিফোন মত বিনিময়ের সময়ে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ইসরাইলি আগ্রাসন বন্ধ করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করার আহ্বান জানান। প্রেসিডেন্ট রায়িসি এ সময়ে ঔপনিবেশিকতার বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গও উল্লেখ করেন এবং জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকার কথাও তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্মরণ করিয়ে দেন বলে জানা গেছে।  

ইরানি কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ‘গাজার নিপীড়িত জনগণের বিরুদ্ধে ইহুদীদের অত্যাচার বন্ধ করতে ভারত তার সমস্ত ক্ষমতা ব্যবহার করবে বলে আশা করা হচ্ছে।’  প্রেসিডেন্ট রায়িসি বলেছেন, ‘ফিলিস্তিনের জনগণকে নির্বিচারে হত্যার ঘটনা বিশ্বের সমস্ত স্বাধীন দেশকে ক্ষুব্ধ করেছে এবং এর প্রভাব অনেক দূর পর্যন্ত পড়বে।’  

ভারতীয় প্রধানমন্ত্রীর দফতর সূত্রে প্রকাশ- প্রধানমন্ত্রী মোদী ইরানের প্রেসিডেন্টকে বলেছেন, ‘ভারত চায় ইসরাইল-ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান এবং শান্তিপূর্ণ সহাবস্থান।’  গাজায় ইসরাইলি হামলা চলাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর আগে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেছেন।  

গত ৫ নভেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময়ে উভয় নেতা ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধ নিয়ে কথা বলেন। পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন,  হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানকে সহিংসতা বন্ধ করা এবং মানবিক সহায়তা প্রদানের গুরুত্ব সম্পর্কে অবগত করা হয়েছে।#

পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।