কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বিধানসভা চত্বরে ৩ দিনের প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের 
https://parstoday.ir/bn/news/india-i131406-কেন্দ্রীয়_সরকারের_বিরুদ্ধে_বঞ্চনার_অভিযোগে_বিধানসভা_চত্বরে_৩_দিনের_প্রতিবাদ_কর্মসূচি_তৃণমূলের
ভারতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে পশ্চিমবঙ্গ বিধানসভা চত্বরে আজ থেকে ৩ দিনের প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৮, ২০২৩ ১৫:২১ Asia/Dhaka
  • কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বিধানসভা চত্বরে ৩ দিনের প্রতিবাদ কর্মসূচি তৃণমূলের 

ভারতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে পশ্চিমবঙ্গ বিধানসভা চত্বরে আজ থেকে ৩ দিনের প্রতিবাদ কর্মসূচি শুরু করেছে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস।  

আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি পালন করবে তৃণমূল। আগামীকাল (বুধবার) কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় আসবেন। কোলকাতার ধর্মতলায় তিনি এক সমাবেশে বক্তব্য রাখবেন। পশ্চিমবঙ্গে চাকরি চুরি, রেশন চুরি, ১০০দিনের কাজ, বার্ধক্য ও বিধবা ভাতা, প্রতি ঘরে পানি, কিষাণ সম্মান, আয়ুষ্মান ভারত, আবাস যোজনায় দুর্নীতি ও বঞ্চনা ইত্যাদির অভিযোগে প্রতিবাদ জানাতে ওই সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এ ভাবে বিজেপির বড় সমাবেশের মধ্যে বিধানসভা চত্বরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে প্রতিবাদ জানাবে রাজ্যের শাসকদল। 

আজ (মঙ্গলবার) বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির পাদদেশে তৃণমূল বিধায়করা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করার পাশাপাশি বিভিন্ন শ্লোগান দেন। এ সময়ে ‘গরীব মানুষের একশো দিনের হকের টাকা কোথায় গেলো বিজেপি জবাব দাও’, জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে’, ‘বাংলাকে বঞ্চনা করা হচ্ছে কেনো বিজেপি জবাব দাও’, ‘আমাদের আন্দোলন চলছে চলবে’ ‘বিজেপি হটাও, নরেন্দ্র মোদী হটাও, দেশ বাঁচাও’ ইত্যাদি শ্লোগান দেন তৃণমূল বিধায়করা।  

 এর আগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এবং একশো দিনের কাজ প্রকল্পের টাকা আদায়ে দিল্লিতে ধর্না-অবস্থান করেছিল তৃণমূল। পরবর্তীতে তারা কোলকাতার রাজভবনের সামনেও ধর্না-অবস্থান কর্মসূচি পালন করেছিলেন। #

পার্সটুডে/এমএএইচ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।