'মোদী সরকার কৃষকদের উদ্বেগ দূর করতে ব্যর্থ'
জনগণকে সামাজিক ন্যায়বিচার দেয়া আমাদের কাজ, এ জন্য নীতিশের প্রয়োজন নেই: রাহুল
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বিহারে পরিচালিত জাতি-শুমারি নিয়ে একটি বড় দাবি করেছেন।
তিনি আজ (মঙ্গলবার) বিহারে এক সমাবেশ বক্তব্য রাখার সময়ে বলেন, আমি নীতিশজীকে (মুখ্যমন্ত্রী) স্পষ্ট বলেছিলাম যে আপনাকে বিহারে বর্ণ-শুমারি করতে হবে, আমরা আপনাকে কোনও ছাড় দেবো না। আরজেডি এবং আমরা নীতিশজীকে চাপ দিয়ে এই কাজটি করেছি। এখন ওপার (বিজেপি) থেকে চাপ এসেছে। বিজেপি চায় না দেশবাসী জানুক কত মানুষ পিছিয়ে আছে, কত দলিত আছে। বিজেপি সামাজিক ন্যায়বিচার নিয়ে কথা বলতে চায় না। বিজেপি তাকে পালানোর জন্য পেছনের দরজা দিয়েছে। জনগণকে সামাজিক ন্যায়বিচার প্রদান করা আমাদের জোটের কাজ এবং এ জন্য আমাদের নীতিশজীর প্রয়োজন নেই।’
প্রসঙ্গত, নীতিশ কুমারের জেডিইউ-এর সঙ্গে কংগ্রেস-আরজেডি ও বামফ্রন্টের মহাজোট সরকার বিহারে ক্ষমতায় ছিল। কিন্তু সম্প্রতি জেডিইউ নেতা নীতিশ কুমার মহাজোট ত্যাগ করে সরকার ভেঙে দিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে শামিল হয়ে নয়া সরকার গঠন করেছেন। সেই প্রসঙ্গে আজ রাহুল গান্ধী আজ নীতিশ কুমারকে কটাক্ষ করেছেন।
রাহুল গান্ধী জাতি-শুমারির পক্ষে সাফাই দিয়ে বলেন, আমাদের সমাজের সামাজিক শ্রেণি হল অনগ্রসর শ্রেণি, দলিত, উপজাতি, সংখ্যালঘু এবং সাধারণ বর্ণের মানুষ। অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি) সম্প্রদায় দেশের বৃহত্তম সম্প্রদায়। কিন্তু আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে দেশে ‘ওবিসি’ সম্প্রদায়ের জনসংখ্যা কত, আপনি বলতে পারবেন না। এই দেশে কার জনসংখ্যা কত? এই বিষয়ে একটি গণনা করা উচিত। এটি আমাদের জানতে সাহায্য করবে একটি সমাজের জনসংখ্যা কত, কিন্তু বিজেপি তা চায় না।
রাহুল গান্ধী বলেন, ‘ভারত জোড় ন্যায় যাত্রা’য় আমরা ৫ ন্যায়ের কথা বলছি। এর মধ্যে একটি ন্যায় হল অংশগ্রহণমূলক বিচার। এ দেশের সরকারি প্রতিষ্ঠানগুলো ৯০ জন কর্মকর্তা দ্বারা পরিচালিত হয়, যার মধ্যে মাত্র ৩ জন কর্মকর্তা ‘ওবিসি’শ্রেণির। এই সরকারে ‘ওবিসি’, ‘এসসি’ ও ‘এসটি’ শ্রেণির মানুষের অংশগ্রহণ নেই। কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, কেন্দ্রের মোদী সরকার কৃষকদের উদ্বেগ দূর করতে ব্যর্থ হয়েছে। আমি আপনাদেরকে আমাদের একটি সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি এবং আমরা আপনাদের বিশ্বাস ফিরিয়ে আনার চেষ্টা করব।#
এমএএইচ/পার্সটুডে/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।