আল-আকসায় বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ড নিয়ে সতর্ক করলেন আকরামা সাবরি
-
আকসা মসজিদের খতিব শায়খ আকরামা সাবরি
পার্সটুডে-আল-আকসা মসজিদের খতিব ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ধারাবাহিক হামলার ব্যাপারে সতর্ক করেছেন।
শায়খ আকরামা সাবরি বলেছেন, বসতি স্থাপনকারীদের লক্ষ্য মুসলমানদের দুর্বল করা এবং বিশ্বের ইহুদিদের ফিলিস্তিনে অভিবাসনে উৎসাহিত করা। আল-আকসা মসজিদে যেসব বিপজ্জনক কর্মকাণ্ড ও পরিবর্তন ঘটছে, সে বিষয়ে আমরা সতর্ক করছি এবং যে-কোনো উত্তেজনা বৃদ্ধি বা আগ্রাসনের জন্য ইসরায়েলকে দায়ী করছি।
শায়খ আকরামা সাবরি বলেন, ইসরায়েলি দখলদার ও তাদের উগ্রপন্থী গোষ্ঠীগুলোর যে-কোনো পরিকল্পনা বা পদক্ষেপের উদ্দেশ্য হলো আল-আকসা মসজিদের ওপর সার্বভৌমত্ব ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এবং এর পরিচালনার দায়িত্ব ইসলামি ওয়াকফ কর্তৃপক্ষের কাছ থেকে কেড়ে নেওয়া।
তিনি বলেন, বসতি স্থাপনকারীদের নাচ ও গান প্রমাণ করে যে, আল-আকসা মসজিদ তাদের কাছে পবিত্র নয়। বরং তাদের লক্ষ্য মুসলমানদের দুর্বল করা এবং এর বিপরীতে বিশ্বের ইহুদিদের ফিলিস্তিনে অভিবাসনে উৎসাহিত করা।
সাবরি আরও বলেন, উগ্রপন্থী গোষ্ঠীগুলো আল-আকসা মসজিদকে নির্বাচনী প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আসন্ন ইসরায়েলি পার্লামেন্ট নেসেট নির্বাচনে, বিশেষ করে ইসরায়েলি সমাজে ক্রমবর্ধমান উগ্রপন্থী প্রবণতার প্রেক্ষাপটে, তারা যত বেশি সম্ভব উগ্র ইহুদিদের ভোট পাওয়ার চেষ্টা করছে।
আল-আকসা মসজিদের খতিব বলেন, মসজিদটিতে যেসব বিপজ্জনক কর্মকাণ্ড ও পরিবর্তন ঘটছে, আমরা সেগুলোর ব্যাপারে সতর্ক করছি এবং যে-কোনো উত্তেজনা বৃদ্ধি বা আগ্রাসনের জন্য ইসরায়েলকে দায়ী করছি।
শায়খ আকরামা সাবরি বলেন, দখলদাররা আল-আকসা মসজিদের সঙ্গে যা করছে, তা আমাদের পবিত্র স্থানগুলোর ওপর সুস্পষ্ট আগ্রাসন। ইসরায়েল যে ধরনের পদক্ষেপই নিক না কেন, আমরা তা গ্রহণ বা স্বীকৃতি দিই না।#
পার্সটুডে/এনএম/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন