ভারতে পালিত হচ্ছে ঈদ: কোলকাতায় রেড রোডে গিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মমতা
ভারতের পশ্চিমবঙ্গসহ আজ অন্যান্য রাজ্যে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে খুশির উৎসব ঈদ উল ফিতর। বুধবার জম্মু-কাশ্মির এবং কেরালাতে ঈদ পালিত হয়েছে।
আজ (বৃহস্পতিবার) ঈদ উপলক্ষে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
আজ ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক জামে মসজিদসহ অন্যত্র ব্যাপক উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ পালিত হয়েছে।
আজ পশ্চিমবঙ্গের কোলকাতার ঐতিহ্যবাহী রেড রোডে ঈদের নামাজে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার ভাইপো তথা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপিকে নিয়ে যান।
মমতা বলেন, ‘আমি অভিষেককে সব জায়গায় নিয়ে যাই না। কারণ, পরম্পরাগুলো শিখতে হবে। ও যখন ছোট ছিল তখন থেকেই আমাদের পরিবারের শিশুদের সর্বধর্ম সমন্বয়ের পাঠ দেয়া হয়।’
রেড রোডের নামাজ পড়ান ইমামে ঈদাইন কারি ফজলুর রহমান। তিনি ঈদের খুশিতে বিশ্ব জুড়ে শান্তি এবং সম্প্রীতি ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। রেড রোডে প্রায় ৩/৪ লাখ মানুষ নামাজে অংশ গ্রহণ করেন।
এদিকে, আজ পশ্চিমবঙ্গের মালদহের বৈষ্ণবনগরের ঝনঝনিয়া ঈদগাহে অজু করতে গিয়ে সেপ্টিক ট্যাঙ্ক ভেঙে তার মধ্যে পড়ে যায় ১২ টি শিশু। মর্মান্তিক ওই দুর্ঘটনায় আব্দুল শেখ (১০) নামে এক শিশুর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক অবস্থায় ৪ জনকে উদ্ধার করে। এদের মধ্যে এক জনের মৃত্যু হলেও অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উদ্ধার করার চেষ্টা চলছে।
আজ উত্তর প্রদেশের লক্ষনৌতে আইশবাগ ঈদগাহ ময়দানে প্রায় ৫ লাখ মানুষ ঈদের নামাজে অংশগ্রহণ করেন। এখানে এই প্রথম ঈদগাহ সংলগ্ন পৃথক চত্বরে প্রায় ৫ হাজার নারী ঈদের জামাতে শামিল হন৷
এখানে ঈদের নামাজের সময় গভর্নর রাম নাইক এবং মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব উপস্থিত হয়ে সবাইকে শুভেচ্ছা জানান। এ ছাড়া মন্ত্রী সভার অন্যান্য সদস্য, জেলা প্রশাসক ও জেলা পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
লক্ষনৌতে আইশবাগ ঈদগাহ ময়দানে ইসলামিক সেন্টার অব ইন্ডিয়ার উদ্যোগে এই প্রথম পুরুষদের পাশাপাশি নারীদের জন্য ঈদের নামাজের ব্যবস্থা করা হয়। এখানে নামাজ পড়ান মাওলানা খালিদ রশিদ ফিরিঙ্গী মাহলি।#
পার্সটুডে/এমএএইচ/এমআরএইচ/৭