বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ
পশ্চিমবঙ্গে বিকাল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৯০ শতাংশ
-
ভারতের বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ
ভারতের পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ১৫২ টি কেন্দ্রে একযোগে প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ সকাল ৭টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়।
ভারতের পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু রাজ্যে মোটামুটি শান্তিপূর্ণভাবে বিধানসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। দুই রাজ্যের বিপুলসংখ্যক মানুষ ভোট দিয়েছেন। বিকেল পাঁচটা পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোট পড়েছে ৯০ শতাংশ। মনে করা হচ্ছে, ভোটদানের ক্ষেত্রে অতীতের যাবতীয় রেকর্ড ভেঙে দিতে পারে এবারের বিধানসভা নির্বাচন।
পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি ৯৫ দশমিক ৬৪ শতাংশ ভোট পড়েছে রঘুনাথগঞ্জে।
একইভাবে বিকেল পাঁচটা পর্যন্ত দক্ষিণের তামিলনাড়ু রাজ্যে ভোট পড়েছে প্রায় ৮২ শতাংশ। দুই রাজ্যে ভোটের হার শেষ পর্যন্ত বেশ খানিকটা বাড়বে। কারণ, ভোট গ্রহণের সময় শেষ হয়ে যাওয়ার পরও লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ দুই রাজ্যেই ভোট দিয়েছেন।
পশ্চিমবঙ্গে ভোট হয়েছে প্রায় নির্বিঘ্নে। বড় ধরনের কোনো সহিংসতা বা সংঘর্ষের খবর পাওয়া যায়নি। তবে ছোটখাটো কিছু সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে।
২০২১ সালে রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে, ভোটের দিন এবং ভোটের পরেও সংঘর্ষে ২০ নিহত হয়েছিল। এবার এত বেশি ভোটার উপস্থিতির বিষয়ে বিজেপির পক্ষ থেকে অনেকে বলেছেন, তৃণমূলের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়ে ভোট দিয়েছেন।
অন্যদিকে তৃণমূলের পক্ষে অনেকেই বলেছেন, এই ভোট প্রমাণ করছে, মানুষ সংশোধিত ভোটার তালিকা নিয়ে উদ্বেগে রয়েছেন। যেকারণে তাঁরা আরও বেশি করে ভোট দিয়েছেন।
উল্লেখ্য, প্রথম দফার বিধানসভা নির্বাচনে প্রায় ৩ কোটি ৬০ লাখ ভোটার অংশ নিচ্ছে। প্রথম দফায় মোট ৪৪ হাজার ৩৭৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে, যার মধ্যে ৩ হাজার সহায়ক বুথ রয়েছে। এর মধ্যে ৫ হাজার ৪৪৪টি কেন্দ্র নারীদের দ্বারা পরিচালিত। তবে প্রায় ৮ হাজারের বেশি স্পর্শকাতর বুথের কথা নির্বাচন কমিশন ঘোষণা করেছিল। অতীতে সহিংসতার ঘটনা ঘটেছে এমন ২০০টির বেশি এলাকা চিহ্নিত করেছিল কমিশন। আগামী ৪ মে ভোটের ফল প্রকাশিত হবে।#
পার্সটুডে/জিএআর/২৩