পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় বিধানসভা ভোট
নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে অত্যাচার চলেছে তবুও জয় নিশ্চিত: মমতা
-
ভারতের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অভিযোগ, ভোটে অত্যাচার করা হয়েছে।
রাজ্যের অনেক ভোটকেন্দ্র থেকে তৃণমুলের এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। কোলকাতার একাধিক থানার ওসি পক্ষপাতিত্ব করেছেন বলেও তিনি অভিযোগ করেন। তারপরও তৃণমূলের জয় নিশ্চিত বলে তিনি জয়সূচক ভি চিহ্ন দেখান।
আজ বুধবার বিকেল ৪ টার পর ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব অভিযোগ করেন।
মুখ্যমন্ত্রী বলেন,‘নদিয়া, হুগলি, ক্যানিংয়ের বিভিন্ন জায়গায় ভোটের নামে দিনভর মহিলা ও শিশুদের ওপর অত্যাচার চালানো হয়েছে। রাজ্যের বিভিন্ন কেন্দ্র থেকে তৃণমূল এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নাম উল্লেখ না করে মমতার প্রশ্ন-'এটা কি অবাধ শান্তিপূর্ণ নির্বাচন, এটা কি গণতন্ত্র! এমন নির্বাচন জীবনে কখনও দেখিনি!
আজ বুধবার পশ্চিমবঙ্গের সাত জেলার মোট ১৪২ টি বিধানসভা আসনে দ্বিতীয় দফার নির্বাচন হয়েছে। মমতা বলেন,দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস এবার জিতবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রামে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা বন্দোপাধ্যায়। এবার ২০২৬ সালে ভবানীপুরে দুজনের ভোটযুদ্ধে শেষ হাসি কে হাসবে তা নিয়ে বিশ্লেষকদের ভিন্ন ভিন্ন মত রয়েছে।
দ্বিতীয় দফায় সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোটের হার
নির্বাচন কমিশনের পরিসংখ্যান অনুসারে সন্ধ্যা ৬টা পর্যন্ত দ্বিতীয় দফায় ভোটদানের হার ৯১.৩১ শতাংশ। সন্ধ্যা ৬টার পরেও বিভিন্ন বুথে চলছে ভোটদান। ফলে ভোটের এই হারের হেরফের হবে। সন্ধ্যা ৬টা পর্যন্ত হাড়োয়া আসনে ভোটের হার সর্বোচ্চ— ৯৬.৪৬ শতাংশ।
প্রথম দফায় ভোটের হার
গত ২৩ এপ্রিল রাজ্যের ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ হয়েছে। বুথের সংখ্যা ছিল ৪৪ হাজার ৩৭৬। কমিশন জানিয়েছে, মোট ৩ কোটি ৩৬ লক্ষ জন ভোটদান করেছেন। অর্থাৎ, ৯৩.১৯ শতাংশ ভোট পড়ে।#
পার্সটুডে/জিএআর/২০২৬