'আমরা সন্ত্রাসী নই, গরীব মুসলিম হওয়ার কারণেই টার্গেটের শিকার'
https://parstoday.ir/bn/news/india-i45755-'আমরা_সন্ত্রাসী_নই_গরীব_মুসলিম_হওয়ার_কারণেই_টার্গেটের_শিকার'
জম্মুতে অবস্থানরত রোহিঙ্গা মুসলিমদের পক্ষ থেকে ভারতের সুপ্রিম কোর্টে এক আবেদনে বলা হয়েছে, সন্ত্রাসের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কেবলমাত্র মুসলিম হওয়ার জন্যই তাদের টার্গেট করা হচ্ছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১৩, ২০১৭ ১১:২২ Asia/Dhaka
  • 'আমরা সন্ত্রাসী নই, গরীব মুসলিম হওয়ার কারণেই টার্গেটের শিকার'

জম্মুতে অবস্থানরত রোহিঙ্গা মুসলিমদের পক্ষ থেকে ভারতের সুপ্রিম কোর্টে এক আবেদনে বলা হয়েছে, সন্ত্রাসের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কেবলমাত্র মুসলিম হওয়ার জন্যই তাদের টার্গেট করা হচ্ছে।

জম্মুতে বসবাসরত প্রায় ৭ হাজার রোহিঙ্গা শরণার্থীর পক্ষ থেকে দায়ের করা ওই আবেদনে বলা হয়েছে, সন্ত্রাসবাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এমনকি জম্মুতে বাস করার সময় তাদের বিরুদ্ধে এ ধরণের কোনো অভিযোগও নেই। তাদের মধ্যে একজনের বিরুদ্ধেও সন্ত্রাসী কাজকর্মে জড়িত থাকার প্রমাণ নেই।

সুপ্রিম কোর্টে জানানো আবেদনে বলা হয়েছে, স্থানীয় পুলিশ এক বছর আগেই রোহিঙ্গা পরিবারে গভীরভাবে তদন্ত করেছিল। পুলিশ প্রত্যেক পরিবারের তথ্য সংগ্রহ করেছে। প্রত্যেক মাসেই পুলিশ তা খতিয়ে দেখে থাকে। সমস্ত রোহিঙ্গা এ বিষয়ে পুলিশের সঙ্গে সহযোগিতা করেন এবং সব ধরনের তথ্য প্রদান করেন।

ভারতে অবস্থানরত কয়েকজন রোহিঙ্গা

ভারতে অবস্থানরত রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নিয়েছে আবেদনকারীরা তাকে 'সমান অধিকার বিরোধী' বলে মন্তব্য করেছেন। তারা গরীব এবং মুসলিম বলেই তাদের সঙ্গে এমন আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। ভারতের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চে এ ব্যাপারে আগামী সোমবার শুনানি হবে।

ভারতের বিভিন্ন রাজ্যে কমপক্ষে ৪০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাস করছেন বলে কেন্দ্রীয় সরকার মনে করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন রাজ্যে পাঠানো সাম্প্রতিক এক নির্দেশিকায় এদের চিহ্নিত করে মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য পদক্ষেপ নিতে বলা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের ওই পদক্ষেপ প্রসঙ্গে জাতিসংঘের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে রিপোর্ট তলব করাসহ বিষয়টি সুপ্রিম কোর্টেও পৌঁছেছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৩