কোলকাতা-খুলনার মধ্যে বন্ধন ট্রেনের যাতায়াত শুরু, পেট্রাপোলে যাত্রা বিরতি
-
বন্ধন ট্রেন
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতা ও বাংলাদেশের খুলনার মধ্যে 'বন্ধন এক্সপ্রেস' ট্রেনের বাণিজ্যিক যাতায়াত শুরু হয়েছে।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কঠোর প্রহরায় আজ (বৃহস্পতিবার) কোলকাতা থেকে ছেড়ে আসা ট্রেনটি সকাল ৯ টা নাগাদ কিছুক্ষণের জন্য পেট্রাপোল স্টেশনে যাত্রাবিরতি করে। এখানে অবশ্য কোনো যাত্রীকেই ট্রেন থেকে নামতে দেয়া হয়নি।
ট্রেন যাত্রীদের শুভেচ্ছা জানাতে পেট্রাপোল স্টেশনে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কৃষ্ণ দেবনাথ। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে ভারত-বাংলাদেশ মৈত্রী দীর্ঘজীবী হওয়ার বার্তা দেন।
এদিন পেট্রাপোল স্টেশন চত্বরে দাঁড়িয়ে কৃষ্ণ দেবনাথ বলেন, তিনি ছাত্র হিসেবে ১৯৫২ সালে বাংলা ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেন ও মুক্তি আন্দোলনে সাহায্য করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননায় ভূষিত করেছিলেন বলেও জানান কৃষ্ণ দেবনাথ।
তিনি বলেন,"ভারত ও বাংলাদেশের মধ্যে মৈত্রী, ভালোবাসার সম্পর্ক যাতে অটুট থাকে ও চিরস্থায়ী হয় সেজন্য আজ বন্ধন এক্সপ্রেসের যাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে এসেছি।"
আজ বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা খুলনা রেল স্টেশনে উপস্থিত হয়ে কোলকাতামুখী বন্ধন এক্সপ্রেসের ফিরতি যাত্রার সূচনা করেন। তিনি সাংবাদিকদের সামনে খুব শিগগিরি খুলনায় ভারতীয় সহকারী হাইকমিশন দফতর খোলার কথা বলেন। বন্ধন এক্সপ্রেস ট্রেন চালুর ফলে দু’দেশের মধ্যে সম্পর্ক মজবুত হবে এবং বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে বলে তিনি আশাপ্রকাশ করেন। রোগী ও বৃদ্ধদের যাতায়াতে সুবিধার জন্য অসুস্থ এবং বৃদ্ধদের ভিসা পদ্ধতি সহজ করা হবে বলেও ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা জানান।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৬