ভারতে ধর্মীয় মেরুকরণ করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে: কামরুজ্জামান
https://parstoday.ir/bn/news/india-i52211-ভারতে_ধর্মীয়_মেরুকরণ_করে_রাজনৈতিক_ফায়দা_তোলার_চেষ্টা_চলছে_কামরুজ্জামান
ভারতে ধর্মীয় মেরুকরণ করে বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন 'সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন'-এর সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জানুয়ারি ৩০, ২০১৮ ১৪:৫৭ Asia/Dhaka
  • ভারতে ধর্মীয় মেরুকরণ করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা চলছে:  কামরুজ্জামান

ভারতে ধর্মীয় মেরুকরণ করে বিজেপি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন 'সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন'-এর সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান।

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার গোবরডাঙ্গার লক্ষ্মীপুরে গতকাল (সোমবার) সন্ধ্যায় মহাপ্রাণ যোগেন্দ্র নাথ মণ্ডলের ১১৪তম জন্মজয়ন্তীতে এক আলোচনা সভায় তিনি ওই মন্তব্য করেন। 

মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘দেশের রাজনীতির ইতিহাসে যোগেন্দ্র নাথ মণ্ডল না থাকলে কেন্দ্রীয় যে গণপরিষদ গঠন হয়েছিল সেখানে বাবাসাহেব বি আর আম্বেদকরের পৌঁছানো সম্ভব হতো না। দলিত সমাজের উন্নয়নের জন্য যোগেন্দ্র নাথ মণ্ডল নিজ স্বার্থ যেভাবে ত্যাগ করেছিলেন তা এক দৃষ্টান্ত।’

তিনি ধর্মান্ধদের হাতে যেভাবে মুহাম্মদ আখলাক, জুনাঈদরা নিহত হয়েছেন তা  উল্লেখ করে দেশে দলিতরাও নানাভাবে আক্রান্ত বলে মন্তব্য করেন।

ওই আলোচনা সভায় অল ইন্ডিয়া সুন্নাত অল জামায়াতের সাধারণ সম্পাদক মুফতি আব্দুল মাতীন বিজেপি’র তীব্র সমালোচনা করে বলেন, ‘দেশের উন্নয়ন নিয়ে তাদের মুখে কোনো কথা নেই। ক্ষমতায় টিকে থাকতে তাদের একটিই মাত্র অস্ত্র তা হল দেশবাসীর মধ্যে বিভেদ সৃষ্টি করা। এছাড়া তাদের হাতে আর কোনো অস্ত্র নেই। যত বেশি তারা বিভেদ সৃষ্টি করতে পারবে এরা ততবেশি ক্ষমতায় টিকে থাকতে পারবে। ধর্মের প্রতি ভালোবাসা থাকা ভালো কিন্তু তা নিয়ে উন্মাদনা সৃষ্টি করা ভালো নয়।’

মুফতি আব্দুল মাতীন বলেন, ‘আজ দেশে পুজো করার জন্য হাজার হাজার,  লাখো মন্দির আছে কিন্তু বাবরী মসজিদের জায়গায় পুজো করলে ভগবান সন্তুষ্ট হবেন এটা কি ধরণের কথা!’

মুফতি আব্দুল মাতীন

মুফতি আব্দুল মাতীন এ ব্যাপারে ঐতিহাসিক তাজমহলকে শিবমন্দির এবং দিল্লির জামে মসজিদকে যমুনা দেবীর মন্দির দাবি করার তীব্র সমালোচনা করেন। সেইসঙ্গে দেশের মানুষকে উত্তেজিত করার জন্য ধর্মকে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেন।

ওই অনুষ্ঠানে দেয়া ভাষণে ‘সাম্য শান্তি সম্প্রীতি মঞ্চ’র সভাপতি ও দলিত আন্দোলনের বিশিষ্ট নেতা সুকৃতি রঞ্জন বিশ্বাস তার বক্তব্যে বিজেপি ও সঙ্ঘপরিবার থেকে সকলকে সাবধান থাকতে হবে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ওরা দেশে যোগেন্দ্র নাথ মণ্ডলের ঐতিহাসিক ভূমিকাকে বিকৃত করে বাংলাভাগ ও দেশভাগ সম্পর্কে তাকে দায়ী করে মিথ্যা অপবাদ দিয়ে বেড়াচ্ছে। সমাজ থেকে দলিতদের বিচ্ছিন্ন করার জন্য বিজেপি ও সঙ্ঘ পরিবার এ ধরণের অপপ্রচার করছেন বলেও সুকৃতি রঞ্জন বাবু অভিযোগ করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩০