২০১৯ সালে বিজেপিকে ক্ষমতায় আসতে দেবো না: সোনিয়া গান্ধী
https://parstoday.ir/bn/news/india-i54183-২০১৯_সালে_বিজেপিকে_ক্ষমতায়_আসতে_দেবো_না_সোনিয়া_গান্ধী
ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, ‘২০১৯ সালে কিছুতেই বিজেপিকে ক্ষমতায় আসতে দেবো না, কংগ্রেসই ক্ষমতায়  আসবে।’ ইন্ডিয়া টুডে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল (শুক্রবার) তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ১০, ২০১৮ ০৮:৫৩ Asia/Dhaka
  • কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী
    কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, ‘২০১৯ সালে কিছুতেই বিজেপিকে ক্ষমতায় আসতে দেবো না, কংগ্রেসই ক্ষমতায়  আসবে।’ ইন্ডিয়া টুডে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল (শুক্রবার) তিনি ওই মন্তব্য করেন।

আগামী ১৩ মার্চ (মঙ্গলবার) বিরোধীদের ঐক্যের জন্য ‘ডিনার ডিপ্লোম্যাসি’র কৌশল নিয়েছে কংগ্রেস। তার আগের আগে বিরোধীদের উদ্বুদ্ধ করার পাশাপাশি সোনিয়া কার্যত বিজেপিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়লেন বলে মনে করা হচ্ছে।

সোনিয়া এক্ষেত্রে মহাজোট গড়ে বিজেপিকে রুখে দেয়ার কৌশল নিয়েছেন। সোনিয়া বলেন, ‘জাতীয়স্তরে ইস্যুভিত্তিক সকলকে একসঙ্গে আসতে হবে। তৃণমূল পর্যায়ে আমরা বিরোধী। এমনকি আমাদের দলেও বিরোধিতা আছে। এটা বেশ কঠিন কাজ।’

সোনিয়া বলেন, ‘বিভিন্ন রাজ্যে রাজনৈতিক দলের মধ্যে পরস্পরে প্রতিদ্বন্দ্বিতা আছেই। কিন্তু বর্তমানে দেশের যা অবস্থা সেই পরিপ্রেক্ষিতে ক্ষুদ্রস্বার্থ বিসর্জন দিয়ে বৃহত্তর উদ্দেশ্যে বিরোধীদের একজোট হতে হবে।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আচ্ছে দিন’(সুদিন) স্লোগানকে কটাক্ষ করে সোনিয়া বলেন, ‘আচ্ছে দিনে’র স্লোগান ২০০৪ সালের ‘ইন্ডিয়া শাইনিং’য়ের মতো ব্যর্থ হবে। বিজেপি আচ্ছে দিনের যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পালন করতে পারেনি। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা পূর্ণ করতে মোদি সরকার ব্যর্থ হয়েছে।

সোনিয়া সাবেক বিজেপি সরকারের কিছুটা প্রশংসা করে বর্তমান নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করে বলেন, ‘অটলবিহারী বাজপেয়ি সংসদীয় নিয়মকানুন মানতেন। সম্মান করতেন। কিন্তু এই সরকার ঠিক তার বিপরীত। সংসদে কথা বলা আমাদের অধিকার। মতপার্থক্য যতই থাক, বিরোধীদের যদি বলতেই না দেয়া হয়, তাহলে কী করে হবে? এটাই যদি বিজেপির উদ্দেশ্য হয় যে একজনই বলে যাবে, অন্যদের কথা শোনা হবে না, তাহলে সংসদ বন্ধ করে দিক।’

সোনিয়ার মতে, এই সরকারের আমলে গণতন্ত্র বিপদের মুখে। ব্যক্তি স্বাধীনতা মূল্যহীন হয়ে পড়ছে। তিনি বলেন, আমাদের দেশ, সমাজ এবং স্বাধীনতার উপরে পরিকল্পিতভাবে আক্রমণ সংগঠিত হচ্ছে। সর্বত্র ভয় এবং হুমকির বাতাবরণ তৈরি করা হচ্ছে। ভারত আমাদের সকলের। পূর্ণশক্তিতে একে আমাদের রক্ষা করা উচিত।’#

পার্সটুডে/এমএএইচ/এআর/১০