বিজেপি নেতা মুকুলকে ‘গাদ্দার রায়’ বললেন জ্যোতিপ্রিয় মল্লিক
ভারতের পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্য বিজেপি নেতা মুকুল রায়ের নাম উল্লেখ না করে তাকে ‘গদ্দার রায়’ বলে কটাক্ষ করেছেন। আজ (বুধবার) বিকেলে উত্তর ২৪ পরগণা জেলার বাগদার হেলেঞ্চায় দলীয় কর্মীসভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি ওই মন্তব্য করেন।
জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘ওর নাম উচ্চারণ করলে আমাদের পাপ হবে। কারণ, আমাদের তৃণমূল কংগ্রেসের সঙ্গে যারা গাদ্দারি করে, তাদের নামের পাশে আমরা লিখি ‘গাদ্দার’, উনি হলেন ‘গাদ্দার রায়’। মীরজাফরেরও ক্যারেকটার ছিল কিন্তু ওনার ক্যারেকটার নেই। উনি মিথ্যা কথা বলেছেন। এই জেলায় একজনও বিজেপির কর্মী মারা যায়নি। কিন্তু চার জন তৃণমূল কর্মীকে মরতে হয়েছে। তৃণমূল কর্মীরা আক্রান্ত হয়েছেন।’
জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘এখানে সুষ্ঠুভাবে সবাই মনোনয়ন জমা দিয়েছে। আমি দেখতে চাই কোন রাজনৈতিক দলের কতটা দম আছে! বিরোধীরা আমাদেরকে কতটা লড়াইতে ফেলতে পারে তা দেখতে চাই।’
মুকুল রায় একসময় তৃণমূলের শীর্ষনেতা ছিলেন। কিন্তু দলের সঙ্গে মতবিরোধের জেরে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন।
বাগদা ব্লকের হেলেঞ্চা বাজারে আজ (বুধবার) নেতাজী শতবার্ষিকী হলে তৃণমূলের কর্মীসভায় জোতিপ্রিয় মল্লিক সবাইকে ঐক্যবদ্ধ থেকে বাগদা ব্লকের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রামসভার সমস্ত আসনে তৃণমূল প্রার্থীদের বিপুলভাবে জয়ী করার আহ্বান জানান।
এদিকে বাগদার হেলেঞ্চায় তৃণমূলের কর্মীসভায় যোগ দিলেন বাগদার কংগ্রেস বিধায়ক দুলাল বর। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিধায়ক দুলাল বরের তৃণমূলে ফিরে আসায় খবর ছড়ালেও আজই প্রথম বাগদার তৃণমূলের কর্মীসভায় তিনি রাজ্য ও জেলা তৃণমূল নেতাদের উপস্থিতিতে বক্তব্য রাখেন এবং দলে ফিরতে পেরে দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান।
বিধায়ক দুলাল বর তার ভাষণে বলেন, ‘উন্নয়ন মানে মমতা এবং মমতা মানে উন্নয়ন। সুতরাং কে কী বলল না বলল তাতে তৃণমূলের কিছু যায় আসে না।’
তিনি তার পুরোনো দল তৃণমূলে ফিরে আসতে পেরে ‘এতদিনের জ্বালা দূর হল’ বলেও মন্তব্য করেন।
কংগ্রেস বিধায়ক দুলাল বর একসময় তৃণমূলের বিধায়ক ছিলেন। কিন্তু পরবর্তীতে দলের সঙ্গে ব্যবধান বাড়ায় ও দলীয় টিকিট না পাওয়ায় কংগ্রেসের টিকিটে লড়ে বিধায়ক নির্বাচিত হন।
বাগদার হেলেঞ্চার ওই সভায় তৃণমূল জেলা তৃণমূল নেতা নির্মল ঘোষ, রতন ঘোষ, বনগাঁ (উত্তর) কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ দাস, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্য প্রমুখ উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১