পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনে সংঘর্ষে নিহত ১২, মন্ত্রী বললেন 'বিক্ষিপ্ত ঘটনা'
https://parstoday.ir/bn/news/india-i57290-পশ্চিমবঙ্গে_পঞ্চায়েত_নির্বাচনে_সংঘর্ষে_নিহত_১২_মন্ত্রী_বললেন_'বিক্ষিপ্ত_ঘটনা'
ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন চলাকালে আজ (সোমবার) বুথ দখল, বোমাবাজি ও সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া, গতরাতে সিপিএম কর্মী সস্ত্রীক পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে।
(last modified 2026-04-19T07:31:14+00:00 )
মে ১৪, ২০১৮ ১১:৫০ Asia/Dhaka
  • (বামে) তমলুকের ধলহরা পশ্চিম বুথে নির্দলীয় প্রার্থীর সমর্থক আহত, (ডানো) নন্দীগ্রামে দুই সিপিএমকর্মী নিহত
    (বামে) তমলুকের ধলহরা পশ্চিম বুথে নির্দলীয় প্রার্থীর সমর্থক আহত, (ডানো) নন্দীগ্রামে দুই সিপিএমকর্মী নিহত

ভারতের পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন চলাকালে আজ (সোমবার) বুথ দখল, বোমাবাজি ও সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এছাড়া, গতরাতে সিপিএম কর্মী সস্ত্রীক পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে।

ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের ৩১ হাজার ৭৮৯,  পঞ্চায়েত সমিতিতে ৬১১৯ এবং জেলা পরিষদের ৬২১টি আসনে নির্বাচন হচ্ছে।

ভোট চলাকালে আজ উত্তর ২৪ পরগনার আমডাঙায় সংঘর্ষে তকবীর গায়েন নামে এক সিপিএম কর্মী নিহত হয়েছেন।

কুলতলিতে আরিফ আলী গাজী নামে একজন নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তি তৃণমূল সমর্থক বলে দলটির দাবি। জালভোটে বাধায় দেয়ায় এসইউসির কর্মীদের গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

ভোটারদের দীর্ঘ সারি

শান্তিপুরে গণপিটুনিতে সঞ্জীব প্রামাণিক নামে এক যুবকের মৃত্যু হয়। তার বিরুদ্ধে শাসকদলের হয়ে বুথ দখলের অভিযোগ উঠেছে।  

মুর্শিদাবাদের বেলডাঙায় তপন মণ্ডল নামের এক প্রবীণ বিজেপিকর্মীকে দুষ্কৃতীরা বোমা এবং গুলি ছুড়ে খুন করে।

নদীয়ার নাকাশিপাড়ার বিলকুমারীতে ভোট দিয়ে ফেরার পথে ভোলা দফাদারকে প্রথমে বোমা নিক্ষেপ এবং পরে গুলি করে হত্যা করে নির্দল প্রার্থীর কর্মীসমর্থকরা।

নন্দীগ্রামের খোদাম বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন দুই সিপিএমকর্মী। বাইকবাহিনী বুথ দখল করতে এলে তাদের বাধা দেন ওই দুই সিপিএমকর্মী। বচসার জেরেই দুই সিপিএমকর্মীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতিরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় অপু মান্না (‌৩০)‌ এবং যজ্ঞেশ্বর ঘোষের।

সিপিএম কর্মীকে সস্ত্রীক পুড়িয়ে মারার অভিযোগ

গতকাল (রোববার) রাতে দক্ষিণ ২৪ পরগনার নামখানার বুধাখালি গ্রাম পঞ্চায়েতের সিপিএম কর্মী দেবু দাস এবং তার স্ত্রী উষা দাসকে ঘুমন্ত অবস্থায় পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় অভিযোগের তীর শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। তবে পুলি এবং দমকলের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুন লেগে দুর্ঘটনা ঘটে।

তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়

কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে: পার্থ

রাজ্যের মন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আজ (সোমবার) দুপুরে এক সংবাদ সম্মেলনে রাজ্যের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, বড় ধরণের কোনো ঘটনা ঘটেনি। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। পুলিশ গোটা বিষয়টি শক্ত হাতে মোকাবিলা করছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৪