কুচবিহারে তৃণমূল নেতাকে পুড়িয়ে হত্যার চেষ্টা, অভিযোগের আঙুল বিজেপি’র দিকে
https://parstoday.ir/bn/news/india-i58370-কুচবিহারে_তৃণমূল_নেতাকে_পুড়িয়ে_হত্যার_চেষ্টা_অভিযোগের_আঙুল_বিজেপি’র_দিকে
ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারে মহিরুদ্দিন মিয়াঁ নামে এক তৃণমূল নেতাকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা হয়েছে। এ ব্যাপারে বিজেপি’র বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠলেও বিজেপি’র পক্ষ থেকে তা অস্বীকার করে 'তৃণমূলের দলীয় দ্বন্দ্বের ফলে ওই ঘটনা ঘটেছে' বলে দাবি করা হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ০৩, ২০১৮ ১৪:৫০ Asia/Dhaka
  • কুচবিহারে তৃণমূল নেতাকে পুড়িয়ে হত্যার চেষ্টা, অভিযোগের আঙুল বিজেপি’র দিকে

ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহারে মহিরুদ্দিন মিয়াঁ নামে এক তৃণমূল নেতাকে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা হয়েছে। এ ব্যাপারে বিজেপি’র বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠলেও বিজেপি’র পক্ষ থেকে তা অস্বীকার করে 'তৃণমূলের দলীয় দ্বন্দ্বের ফলে ওই ঘটনা ঘটেছে' বলে দাবি করা হয়েছে।

কুচবিহারের তুফানগঞ্জ- ২ নম্বর ব্লকের মহিষকুচি গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূলের বুথ সভাপতি মহিরুদ্দিন মিয়াঁ গতকাল (শনিবার) রাতে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় তার উপরে পেট্রোল নিক্ষেপ করে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে প্রথমে ভানুকুমারী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুচবিহার শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।

দুর্বৃত্তদের হামলায় মহিরুদ্দিন মিয়াঁর মুখের একাংশ ও শরীরের অন্যত্র পুড়ে গেছে। তার মোটরবাইকটিও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। মহিরুদ্দিন মিয়াঁ বলেন, তিনি বাড়ি ফেরার সময় তাকে কিছু লোকজন দাঁড় করিয়ে তার গাড়িকে লক্ষ্য করে পেট্রোল নিক্ষেপ করলে গাড়িতে আগুন ধরে যায়। এ সময় তিনি গাড়ি থেকে পড়ে গেলে স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে। হামলাকারীরা বিজেপি’র লোকজন বলেও তিনি জানিয়েছেন।

এদিকে, পুরুলিয়াতে দু’জন বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে আজ (রোববার) পুরুলিয়ায় ১২ ঘণ্টা বনধের ডাক দেয় বিজেপি। এমনিতেই আজ সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ঘটনার কেন্দ্রস্থল বলরামপুরে অন্যদিনের তুলনায় যানবাহন কিছুটা কম চলাচল করলেও বনধে তেমন সাড়া মেলেনি।

আজ (রোববার) রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেছেন, মাওবাদী, তৃণমূল, দুর্বৃত্ত, মাফিয়া ও পুলিশ সব এক হয়ে গেছে। জনগণ শুধু ওদের বিরুদ্ধে আছে। আগে যারা মাওবাদী ছিলেন তাদের একটা বড় অংশ এখন তৃণমূলের হয়ে দুষ্কৃতির কাজ করছে। মুখ্যমন্ত্রীর উচিত ওই ঘটনার তদন্ত ভার সিবিআইয়ের হাতে তুলে দেয়া, অন্যথায় তারা আদালতে যাবেন। 

রাজ্যের শিক্ষামন্ত্রী ও তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় অবশ্য বলেছেন, ‘এই উত্তর তাদের দিতে হবে, যারা ঝাড়খণ্ড থেকে বজরং দল, বিজেপি ও মাওবাদীদের একত্রিত করে এই অংশে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাদের ভূমিকারও তদন্ত হওয়া উচিত। আমরা চাই এই দু’টো মৃত্যুকে সামনে রেখে পূর্ণাঙ্গ তদন্ত হোক। তাহলেই বিজেপি, মাওবাদী ও বজরং দলের যে আনহোলি অ্যালায়েন্স আছে সেই সত্য উদঘাটিত হবে।’

অন্যদিকে, সম্প্রতি তিন দিনের ব্যবধানে পুরুলিয়ার বলরামপুরে বিজেপির যুবকর্মী ত্রিলোচন মাহাতো ও স্থানীয় বিজেপি নেতা দুলাল কুমারের ঝুলন্ত লাশ উদ্ধার হলে রাজ্যের রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৩