তৃণমূল নেতাদের হুমকি দিলেন পশ্চিমবঙ্গ বিজেপি নেতা, মামলা পুলিশের
https://parstoday.ir/bn/news/india-i59274-তৃণমূল_নেতাদের_হুমকি_দিলেন_পশ্চিমবঙ্গ_বিজেপি_নেতা_মামলা_পুলিশের
ভারতের পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল নেতাদের উদ্দেশে 'গুলির বদলা গুলি, হত্যার বদলা হত্যায় নেয়া হবে' বলে হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল (মঙ্গলবার) জলপাইগুড়িতে বিজেপির আইন অমান্য কর্মসূচিতে যোগ দিয়ে দলীয় সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ২০, ২০১৮ ১৫:০১ Asia/Dhaka
  • পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ
    পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

ভারতের পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তৃণমূল নেতাদের উদ্দেশে 'গুলির বদলা গুলি, হত্যার বদলা হত্যায় নেয়া হবে' বলে হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল (মঙ্গলবার) জলপাইগুড়িতে বিজেপির আইন অমান্য কর্মসূচিতে যোগ দিয়ে দলীয় সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।  

দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘পশ্চিমবঙ্গের তৃণমূলের যেসব নেতা আজ ‘দাদাগিরি’ করছেন, আমাদের চমকাচ্ছেন, আমি তাদের বলে দিচ্ছি,  তাদের হয় জেল আর তা নাহলে সোজাসুজি ‘এনকাউন্টার’ হবে। কার কোথায় গুলি লাগবে কেউ জানে না। গুনে গুনে গুলি যাবে আর গুণে গুণে লাশ তোলা হবে। কেষ্ট-বিষ্টু কেউ বাঁচবে না। অনেক বড়বড় গুণ্ডা দেখেছি আমরা। আমাদের একটা সহ্যের সীমা আছে।’

তিনি বলেন, ‘আমরা কোথাও বন্ড লিখে দিইনি যে, মারের বদলে রসগোল্লা খাওয়াব। মারের বদলে মার হবে। কোনো গুলি, বন্দুক আমাদের আটকাতে পারবে না।’

দিলিপ বাবু পুলিশ সদস্যদের উদ্দেশেও বিতর্কিত মন্তব্য করেন। বলেন, ‘কিছুদিন পরে পুলিশকর্মীদের পরিবারের সদস্যরা নিজেদের পরিচয় দিতে লজ্জা পাবেন। সাধারণ মানুষ এদের সামাজিক বয়কট করবে।’

রাজ্য বিজেপি সভাপতির এ ধরণের মন্তব্যের পরে তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে বলে জলপাইগুড়ির পুলিশ সুপার অমিতাভ মাইতি জানান।

জলপাইগুড়ি থানার আইসি বিশ্বাশ্রয় সরকার এরইমধ্যে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, জলপাইগুড়ি জেলা সভাপতি দেবাশিষ চক্রবর্তীসহ আট বিজেপি নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছেন। তৃণমূল নেতাদের পক্ষ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য প্রকাশ্যে আসেনি।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২০