পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে হুমকি দিলেন মন্ত্রী রবীন্দ্রনাথ
https://parstoday.ir/bn/news/india-i59368-পশ্চিমবঙ্গ_বিজেপি_সভাপতি_দিলীপ_ঘোষকে_হুমকি_দিলেন_মন্ত্রী_রবীন্দ্রনাথ
কুচবিহার গেলে পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে সাগরদিঘির পানিতে ২৪ ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হবে বলে হুমকি দিয়েছেন রাজ্যের তৃণমূল নেতা ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ২২, ২০১৮ ১৫:৫৪ Asia/Dhaka
  • উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ
    উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

কুচবিহার গেলে পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে সাগরদিঘির পানিতে ২৪ ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হবে বলে হুমকি দিয়েছেন রাজ্যের তৃণমূল নেতা ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। 

আজ (শুক্রবার) এক বিক্ষোভ তিনি ওই হুমকি দেন। পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে জেলা প্রশাসকের দফতরের সামনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয়। এসময় দলীয় নেতা-কর্মীর উপস্থিতিতে ওই কর্মসূচিতে বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে হুমকি দেন রবীন্দ্রনাথ ঘোষ।

পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষ

রবীন্দ্রনাথ বাবু বলেন, ‘ধমকানি, চমকানিতে তৃণমূল কংগ্রেস ভয় পায় না। দিলীপ ঘোষ  বলেছেন, তৃণমূলীদের নাকি গুলি করে হত্যা করা হবে। নানা হুমকি দিয়েছেন উনি। আমি বলতে চাই দিলীপ ঘোষের মাথাটা গরম হয়ে আছে কারণ, পঞ্চায়েত ভোটে ভালো রেজাল্ট করতে পারেনি। যেদিন উনি কুচবিহারে আসবেন তাকে ধরে নিয়ে এসে এই সাগরদিঘির জলে ২৪ ঘণ্টা দাঁড় করিয়ে রাখব আমরা সবাই মিলে।’

দিলীপ বাবুকে 'অপদার্থ' বলে অভিহিত করে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘পশ্চিমবঙ্গে  এরকম অপদার্থ নেতার কোনো দরকার নেই। রাজ্যের কৃষ্টি, সংস্কৃতি সম্পর্কে জার জানা নেই, বাংলার যে লড়াকু মানুষ, স্বাধীনচেতা মানুষ যাদের সঙ্গে দিলীপ ঘোষদের কোনো সম্পর্ক নেই, সেই দিলীপ ঘোষরা যারা পঞ্চায়েত নির্বাচনে হুমকি, ধমকি, চমকি দিয়েও আঁচড় কাটতে পারেনি, তারা আবার বাংলা জয় করার স্বপ্ন দেখছে!’    

সম্প্রতি জলপাইগুড়িতে এক সভায় তৃণমূলের নেতাদের এনকাউন্টারে হত্যার হুমকি দিয়েছিলেন বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২২