লোকসভায় পশ্চিমবঙ্গের অর্ধেক আসন জয়ের নির্দেশ বিজেপি সভাপতির
https://parstoday.ir/bn/news/india-i59653-লোকসভায়_পশ্চিমবঙ্গের_অর্ধেক_আসন_জয়ের_নির্দেশ_বিজেপি_সভাপতির
ভারতের পশ্চিমবঙ্গে দু’দিনের সফরে এসে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে ৪২টি আসনের মধ্যে অর্ধেক আসনে জয়ের জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ২৮, ২০১৮ ০৮:২৩ Asia/Dhaka
  • বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ
    বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ

ভারতের পশ্চিমবঙ্গে দু’দিনের সফরে এসে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে ৪২টি আসনের মধ্যে অর্ধেক আসনে জয়ের জন্য দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন।

বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘অমিত শাহ বিজেপিকে এ রাজ্যে সর্বশক্তি দিয়ে মাঠে নামতে বলেছেন।’

গতকাল (বুধবার) কোলকাতার পোর্ট গেস্ট হাউসে দলীয় নির্বাচন ব্যবস্থাপনা কমিটির সঙ্গে বৈঠকে তিনি ওই নির্দেশ দেন। পরে কোলকাতার জি ডি বিড়লা সভাঘরে বিদ্বজ্জনদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত সভায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জাতীয় স্মারক বক্তৃতায় অমিত শাহ বলেন, ‘এক এক জন ইতিহাসবিদ দেশভাগের এক একটা কারণ দেখিয়েছেন। কেউ বলেছেন ব্রিটিশের নীতি দেশভাগের জন্য দায়ী। কেউ খিলাফত আন্দোলনকে দেশভাগের জন্য দায়ী করেছেন। কেউ আবার মুসলিম লিগের দ্বি-জাতি তত্ত্বকে দায়ী করেছেন। কিন্তু আসল ঘটনা হল, কংগ্রেস তাদের তোষণনীতির জন্য ‘বন্দে মাতরম্’ গানকে ভেঙে টুকরো করেছিল। তারই পরিণতিতে দেশভাগ হয়েছে।’  

তৃণমূলের এমপি ও ইতিহাসবিদ অধ্যাপক ড. সুগত বসু ওই মন্তব্য উড়িয়ে দিয়ে বলেন, ‘অমিত শাহ ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে উল্টো করে অপব্যাখ্যা করছেন। যাতে দেশভাগের পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্যই দেশের জাতীয় নেতারা একমত হয়ে ‘বন্দে মাতরম্’ গানের প্রথম দু’টি স্তবক বেছে নিয়েছিলেন যে কোনো জাতীয় সমাবেশে গাওয়ার জন্য।’

ড. সুগত বসু বলেন, ‘ওই দু’টি স্তবক বেছে নেওয়ার কারণ, সেখানে সব ধর্ম সম্প্রদায়ের মানুষ দেশমাতার বন্দনা গাইতে পারবেন। ওই গানের তৃতীয় স্তবকে রয়েছে, ‘ত্বং হি দুর্গা’ ইত্যাদি। সেটা সর্বধর্মমতের পক্ষে গ্রহণযোগ্য না হতেই পারে।’

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়

পশ্চিমবঙ্গে বিজেপি’র তৎপরতা ও অমিত শাহের সফর প্রসঙ্গে রাজ্য ক্ষমতাসীন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘বাংলায় এসে কোনও লাভ হবে না বিজেপির। আগামী নির্বাচনে দু’টি লোকসভা আসনও থাকবে না ওদের।’

পার্থ বাবু কটাক্ষ করে বলেন, ‘অমিত শাহ কোলকাতায় আসুন। পুরুলিয়ায় যান। কোনো আপত্তি নেই। এমনকি, চাঁদে গিয়েও উনি সভা করতে পারেন। কিন্তু এভাবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলকে প্রতিহত করা যাবে না। বাংলার মানুষ শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন চায়।’

অমিত শাহ আজ (বৃহস্পতিবার) পুরুলিয়ায় এক জনসভায় ভাষণ দেবেন। তার ওই সমাবেশের পাল্টা সভা হিসেবে রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকে আগামী (সোমবার) পুরুলিয়ার বলরামপুরে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও শুভেন্দু  অধিকারীদের দিয়ে বড় সমাবেশের আয়োজন করছে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৮