বিশেষ ট্রেন থেকে বিএসএফের ১০ জওয়ান নিখোঁজ, থানায় অভিযোগ দায়ের
ভারতের পশ্চিমবঙ্গ থেকে জম্মু’র উদ্দেশে যাওয়ার পথে বিএসএফের ১০ জওয়ান নিখোঁজ হয়েছেন। তারা পশ্চিমবঙ্গের বর্ধমান এবং ঝাড়খণ্ডের ধানবাদ স্টেশনের মাঝে নিখোঁজ হন।
আর্মি স্পেশাল ট্রেনে করে ওই জওয়ানরা যাচ্ছিলেন। গতকাল (বুধবার) বিশেষ ট্রেনটি উত্তর প্রদেশের মুঘলসরাই স্টেশনে পৌঁছে তখনই ওই জওয়ানদের নিখোঁজ হওয়ার কথা স্পষ্ট হয়।
কর্মকর্তাদের নির্দেশে ওই ঘটনায় এফআইআর দায়ের করে তদন্ত ও জওয়ানদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
মুঘলসরাইয়ের গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) কর্মকর্তা জিতেন্দ্র কুমার যাদব ওই খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘৮৩ বিএসএফ জওয়ানকে বিশেষ ট্রেনে জম্মু-কাশ্মিরে নিয়ে যাওয়া হচ্ছিল। ধানবাদ ও বর্ধমান স্টেশনের মধ্যে কোথাও তারা নিখোঁজ হয়েছেন। তাদের কমান্ডারের পক্ষ থেকে একটি অভিযোগ জানানো হয়েছে। আমরা মামলা রুজু করে তদন্ত শুরু করেছি।’
বিএস এফের কর্মকর্তা সুখবীর সিংয়ের আশঙ্কা, জওয়ানরা বর্ধমান থেকে নিখোঁজ হয়েছেন। শিব সিং, কৈলাশ কুমার, দীপক কুমার, রোহিত বর্মা, দীপক সিং, অমিত কুমার, চবন সিং, অশ্বিনী কুমার এবং গোবিন্দ কুমারসহ মোট দশ বিএসএফ জওয়ান নিখোঁজ হয়েছেন।
পশ্চিমবঙ্গ থেকে বিএসএফ জওয়ানদের নিয়ে বিশেষ ট্রেনটি জম্মুর সাম্বা সেক্টরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল। উত্তর প্রদেশের মুঘলসরাই স্টেশনে ওই ট্রেনটি থামলে জওয়ানদের গুনতি করার সময় ১০ জওয়ানের নিখোঁজ হওয়ার বিষয়টি ধরা পড়ে।
ওই ঘটনায় বিএসএফের কোম্পানি কমান্ডারের পক্ষ থেকে মুঘলসরাই জিআরপিতে একটি এফআইআর দায়ের করা হয়। সেখানে ‘ছুটি না থাকা সত্ত্বেও অনুপস্থিতি’র অভিযোগ করা হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৮