দুই বাংলার মৈত্রীর ওপর জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
https://parstoday.ir/bn/news/india-i59966-দুই_বাংলার_মৈত্রীর_ওপর_জোর_দিলেন_মমতা_বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই বাংলার (বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ) মৈত্রীর উপরে জোর দিয়েছেন। তিনি আজ (মঙ্গলবার) কুচবিহার জেলার চ্যাংরাবান্ধায় এক সমাবেশ থেকে দেয়া ভাষণে এ সংক্রান্ত বার্তা দেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ১০, ২০১৮ ১৫:৩৮ Asia/Dhaka
  • দুই বাংলার মৈত্রীর ওপর জোর দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই বাংলার (বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ) মৈত্রীর উপরে জোর দিয়েছেন। তিনি আজ (মঙ্গলবার) কুচবিহার জেলার চ্যাংরাবান্ধায় এক সমাবেশ থেকে দেয়া ভাষণে এ সংক্রান্ত বার্তা দেন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কেউ কেউ আপনাদের নানারকমভাবে ভুল বোঝায়, বিভ্রান্তি করে। মানুষে মানুষে ভেদাভেদ করার চেষ্টা করে। এই সমস্ত মানুষদের প্রশ্রয় দেবেন না। আমি কাস্টমস বা কেন্দ্রীয় সরকারের অন্যান্য যেসব এজেন্সি আছে তাদের কাছেও অনুরোধ করব, চ্যাংরাবান্ধা ডেভেলপমেন্ট অথরিটিকে সহযোগিতা করে আপনারা কাজ করবেন, যাতে এখানে কেন্দ্র ও রাজ্য উভয়েই ভালো করে এই অঞ্চলের মানুষের উন্নয়নে কাজ করতে পারে। এটা আমাদের রাজনীতি করার জায়গা নয়। এটা আমাদের উন্নয়নের জায়গা। আর দু’পার বাংলার মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি করার জায়গা।’

বক্তৃতা করছেন মমতা বন্দোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায় ছিটমহল বিনিময় প্রসঙ্গে বলেন, ‘আমরা একটা সংহতির সেতুবন্ধন তৈরি করে দিয়েছিলাম, যার ফসল আজ আমাদের এখানেও অনেক মানুষ পাচ্ছেন, বাংলাদেশেও অনেক মানুষ পাচ্ছেন। ছিটমহল থেকে যারা এসেছেন, তাদের ঘরবাড়ি, রাস্তাঘাট, রেশন ইত্যাদি আমরা তৈরি করছি, একটু সময় লাগছে। এরইমধ্যে অনেক কাজই হয়ে গেছে, কিছু যা বাকি আছে তাও হয়ে যাবে।’

মঞ্চে মমতা বন্দোপাধ্যায়

মমতা আজ তার ভাষণে সবাইকে মিলেমিশে থাকার উপরে জোর দিয়ে বলেন, ‘একটা সমাজে হিন্দু থাকবে, মুসলমান থাকবে, শিখ থাকবে, খ্রিস্টান থাকবে, পাঞ্জাবী থাকবে, গুজরাটি থাকবে, মারোয়াড়ি থাকবে, মারাঠি থাকবে, তপসিলি ভাইবোনেরা থাকবে, আদিবাসী ভাইবোনেরা থাকবে, সাধারণ কাস্ট থাকবে, রাজবংশীরা থাকবে, কামতাপুরিরা থাকবে, কুরুক থাকবে, কুরমালি থাকবে, সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করতে হবে। সবাইকে নিয়ে তবেই একটা পরিবার। সবাইকে নিয়ে তবেই একটা সমাজ। সবাই ভালোভাবে থাকুন।’

মমতা আজ রাজ্য সরকার সাধারণ মানুষের কল্যাণে যেসব প্রকল্প হাতে নিয়ে কাজ করছে এবং মানুষ যেসবের সুবিধা পাচ্ছেন তা বিস্তারিত তুলে ধরেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১০