বাংলা থেকে প্রথম প্রধানমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়: দাবি তৃণমূল এমপিদের
https://parstoday.ir/bn/news/india-i60328-বাংলা_থেকে_প্রথম_প্রধানমন্ত্রী_হবেন_মমতা_বন্দ্যোপাধ্যায়_দাবি_তৃণমূল_এমপিদের
পশ্চিমবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে চলেছেন বলে দাবি করেছেন, তৃণমূল এমপি প্রসুন বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (বুধবার) গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওই দাবি করেছেন।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ২৫, ২০১৮ ১৫:০২ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

পশ্চিমবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে চলেছেন বলে দাবি করেছেন, তৃণমূল এমপি প্রসুন বন্দ্যোপাধ্যায়। তিনি আজ (বুধবার) গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ওই দাবি করেছেন।  

তিনি বলেন, 'একজনই আছেন, ভারতে যিনি সবাইকে নিয়ে সামনে এগোতে পারেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। চোখ বুজে প্রথম বাংলা থেকে প্রধানমন্ত্রী হয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদম ঈশ্বরীয় শক্তি নিয়ে তার সততা, তার নিষ্ঠা, তার দৃঢ়তা এবং তার সেক্যুলারিটি উনি ছাড়া কেউ নেই। তার নেতৃত্ব, তার চিন্তাভাবনা অন্যরা মানতে বাধ্য হবে।’

তিনি বলেন, ‘আমরা গর্বিত হব, সারা ভারত গর্বিত হবে, মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেই।’ পশ্চিমবঙ্গের ৪২ লোকসভা আসনের সবকটিতেই তৃণমূল জয়ী হবে বলেও প্রসূন বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।  

তৃণমূল এমপি প্রসুন বন্দ্যোপাধ্যায়

আজ তৃণমূল এমপি শিশির অধিকারী বলেন, ‘কে কী বলল, তাতে আমাদের কিছু এসে যায় না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী দেখতে চাই।’

পশ্চিমবঙ্গের তৃণমূল এমপি’রা তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার আশাবাদ ব্যক্ত করলেও পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এমপি বলেছেন, ‘আমাদের প্রধানমন্ত্রীর নাম নিশ্চয়ই রাহুল গান্ধীর বাইরে কেউ হবেন না। আমরা সবসময় চাইব, রাহুল গান্ধী আমাদের নেতা হোক, দেশের নেতা হোক। এটা নিয়েই আমরা রাজনীতি করি। আমরা মমতা বন্দোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে কংগ্রেস দল করি না।’

অধীর চৌধুরী এমপি

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন দলকে সঙ্গে নিয়ে জোট গড়ে বিজেপি সরকারকে পরাজিত করার চেষ্টা হচ্ছে। একইসঙ্গে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধীকে সাম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবেও দলটির পক্ষ থেকে সম্প্রতি তুলে ধরা হয়েছে। কিন্তু সম্ভাব্য জোট শরীকের মধ্য থেকে থেকে অন্য দলের নেতার নামও ভেসে আসায় পরিবর্তিত পরিস্থিতিতে কংগ্রেসের পক্ষ থেকে এখন বলা হচ্ছে, বিজেপিকে হারাতে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা (উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বিএসপি নেত্রী) মায়াবতীর মতো কাউকে মেনে নিতেও দলের আপত্তি নেই।

এমন মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকে তৃণমূল নেতারা মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হতে চলেছেন বলে জোরালো দাবি ও আশাবাদ ব্যক্ত করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার

অন্যদিকে, কংগ্রেসের বর্তমান অবস্থানকে কটাক্ষ করেছেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমার। তিনি আজ বলেন, ‘এটা কংগ্রেসের হতাশার বহিঃপ্রকাশ। যেদিন ওয়ার্কিং কমিটিতে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসবে তুলে ধরা হয়েছিল, সেদিনই বলেছিলাম তাদের প্রাথী নিয়ে কোনো ঐক্যমত্য হবে না।’ 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১৯ জানুয়ারি কোলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশ থেকে ২০১৯ সালে ভারত সরকার দখলের ডাক দেয়া হবে এবং এজন্য সব রাজনৈতিক দল, ফেডারেল ফ্রন্টকে সংগঠিত করে ওই সমাবেশ করা হবে বলে জানিয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৫