অসমে তৃণমূল নেতাদের হেনস্তার প্রতিবাদে পশ্চিমবঙ্গে ‘কালো দিবস’ পালন
https://parstoday.ir/bn/news/india-i60585-অসমে_তৃণমূল_নেতাদের_হেনস্তার_প্রতিবাদে_পশ্চিমবঙ্গে_কালো_দিবস’_পালন
ভারতের বিজেপিশাসিত অসমের শিলচর বিমানবন্দরে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের হেনস্থা ও নিগ্রহের প্রতিবাদে ‘কালো দিবস’ পালিত হয়েছে। দলটির পক্ষ থেকে আজ (শনিবার) এবং আগামীকাল (রোববার) দু’দিন ধরে ‘কালো দিবস’ পালনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ০৪, ২০১৮ ১৪:২৫ Asia/Dhaka
  • তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়
    তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়

ভারতের বিজেপিশাসিত অসমের শিলচর বিমানবন্দরে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের হেনস্থা ও নিগ্রহের প্রতিবাদে ‘কালো দিবস’ পালিত হয়েছে। দলটির পক্ষ থেকে আজ (শনিবার) এবং আগামীকাল (রোববার) দু’দিন ধরে ‘কালো দিবস’ পালনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

আজ (শনিবার) কোলকাতার গড়িয়াহাটে কালো দিবস পালন কর্মসূচিতে অংশ নিয়ে তৃণমূল নেতা ও রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, ‘শিলচর বিমানবন্দরে আমাদের দলের এমপি ও বিধায়কদের সঙ্গে যা করা হয়েছে তার নজির নেই। কোনো সভ্য সরকার এরকম করতে পারে না। অসমের মুখ্যমন্ত্রী যদি কলকাতায় বেড়াতে আসেন তখন জনগণ উচিত জবাব দেবে।’

আজ দক্ষিণ কোলকাতায় তৃণমূলের পক্ষ থেকে দলীয় পতাকা ও কালো পতাকা নিয়ে নিয়ে বিক্ষোভ মিছিল করা হয়। দলীয় সমর্থকরা এদিন রাজ্যের বিভিন্নস্থানে কালো ব্যাজ ও কালো পতাকা হাতে নিয়ে প্রতিবাদে অংশ নেন।

তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যরা অসমের বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিলেন। তাছাড়া জনপ্রতিনিধিদের সমস্ত জায়গায় যাওয়ার অধিকারও আছে। কিন্তু লজ্জাজনকভাবে তাদের আটকে দিয়ে হেনস্থা করা হয়েছে। আমরা তার প্রতিবাদে পশ্চিমবঙ্গের সমস্ত ব্লকে ‘কালো দিবস’ পালন করার সিদ্ধান্ত নিয়েছি।’

অসমে নাগরিকপঞ্জির খসড়া তালিকায় ৪০ লাখ মানুষের নাম না থাকার প্রতিবাদে পরিস্থিতি খতিয়ে দেখতে তৃণমূলনেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত (বৃহস্পতিবার) অসমে গিয়েছিলেন দলের আট সদস্যের প্রতিনিধি। প্রতিনিধিদলটিতে ৬ এমপি, এক মন্ত্রী ও এক বিধায়ক ছিলেন। কিন্তু তাদের শিলচর বিমানবন্দরে গ্রেফতার করাসহ নিগ্রহ করা হয়। রাতভর সেখানে থাকার পর গতকাল (শুক্রবার) সকালে কোলকাতায় ফিরে অসম সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন ওই তৃণমূল নেতারা। তাদের সঙ্গে অসম প্রশাসন অনুপ্রবেশকারীদের মতো আচরণ করেছে বলে তৃণমূল নেতারা অভিযোগ করেন।#

 পার্সটুডে/এমএএইচ/এআর/৪