৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চান, অন্যথায় আইনি পদক্ষেপ: বিজেপি সভাপতিকে তৃণমূল
https://parstoday.ir/bn/news/india-i63461-৭২_ঘণ্টার_মধ্যে_ক্ষমা_চান_অন্যথায়_আইনি_পদক্ষেপ_বিজেপি_সভাপতিকে_তৃণমূল
ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের পক্ষ থেকে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১২, ২০১৮ ০৭:৫০ Asia/Dhaka

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূলের পক্ষ থেকে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় গতকাল (শনিবার) বিজেপি’র সর্বভারতীয়  সভাপতি অমিত শাহ বিতর্কিত মন্তব্য করেছেন বলে তৃণমূলের অভিযোগ। দলটির সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন শনিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, উনি ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা না চাইলে, অবশ্যই আমরা আইনি পদক্ষেপ নেব।

তিনি বলেন, ‘অমিত শাহ বাংলাকে অপমান ও অসম্মান করেছেন। বাংলার সভ্যতা, বাংলার শুদ্ধ সূচী, সুস্থ রুচি উনি বোঝেন না। বাংলার যে একটা সংস্কৃতি আছে, উনি তাকে অপমান করেছেন। তিনি ডাহা মিথ্যে দুর্নীতির কথা বলেছেন।’

পশ্চিমবঙ্গে বিজেপির সমাবেশে অমিত শাহ

তৃণমূল মুখপাত্র বলেন, উনি দুর্নীতির ডাকাত, দাঙ্গার ডাকাত। এ ধরনের রাজনীতি আগে গুজরাটে বা যেখানেই করে থাকুন না কেন, ওই রাজনীতি বাংলায় চলবে না।

ডেরেক ও’ ব্রায়েন বলেন, ‘কোনো দাঙ্গা ও সাম্প্রদায়িক রাজনীতি বাংলায় চলবে না। আমরা আমাদের সীমার মধ্যে থেকে, শান্ত-নম্র ভাবে বলেছি, আমাদের বাংলার পারম্পরিক সংস্কৃতি আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে মেনে চলি। আজ অমিত শাহ তার  সীমা ছাড়িয়েছেন।’

প্রসঙ্গত, কোলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়সহ তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তিনি বলেন, এ রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পরে সারদা, নারদ, রোজভ্যালির সঙ্গেই ভাতিজা’র দুর্নীতির সিরিজ উপহার দিয়েছে। বাংলায় নানা ধরনের মাফিয়ারাজ চলছে বলেও তিনি মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১২