দুই ছাত্র নিহতের প্রতিবাদে পশ্চিমবঙ্গে বনধ ডাকল বিজেপি, মমতার প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/india-i64488-দুই_ছাত্র_নিহতের_প্রতিবাদে_পশ্চিমবঙ্গে_বনধ_ডাকল_বিজেপি_মমতার_প্রতিক্রিয়া
ভারতের পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও পুলিশি অত্যাচারের অভিযোগে আগামী ২৬ সেপ্টেম্বর বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। আজ (শনিবার) দলটির পক্ষ থেকে ওই ঘোষণা দেয়া হয়েছে। অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কোনো বনধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২২, ২০১৮ ১৬:৩০ Asia/Dhaka
  • ছাত্র হত্যার প্রতিবাদে কোলকাতায় বিক্ষোভ
    ছাত্র হত্যার প্রতিবাদে কোলকাতায় বিক্ষোভ

ভারতের পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও পুলিশি অত্যাচারের অভিযোগে আগামী ২৬ সেপ্টেম্বর বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। আজ (শনিবার) দলটির পক্ষ থেকে ওই ঘোষণা দেয়া হয়েছে। অন্যদিকে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কোনো বনধ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন।

সম্প্রতি পশ্চিমবঙ্গের ইসলামপুরের একটি স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ছাত্র-জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষে দুই ছাত্র নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিজেপি’র দাবি পুলিশের গুলিতে দুই ছাত্রের মৃত্যু হয়েছে। ওই ঘটনার জের ধরেই রাজ্যে বনধের ডাক দিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এ ব্যাপারে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তদন্ত করার দাবি জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অন্যদিকে, আজ (শনিবার) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘কোনো বনধ বাংলায় হবে না। দু’জন ছাত্র বিজেপি-আরএসএসের গুলিতে মারা গেছে। এর সম্পূর্ণ তদন্ত হবে। দুই ছাত্রের পরিবারকে সমবেদনা জানাই। ঘটনাটি দুভার্গ্যজনক। আমার কাছে খবর আছে, পুলিশের ময়নাতদন্তের পর জানতে পেরেছি, এটা পুলিশের গুলি নয়।’

মমতা বলেন, ‘বিজেপি গোটা ব্যাপারটা পরিকল্পনামাফিক করেছে। মহরমের আগে তাদের দাঙ্গা লাগানোর ছক ছিল। দুই ছাত্রকে মেরে বনধ ডাকতে বসে গেল। ছাত্র মারা যাওয়ার জন্য বিজেপি ও আরএসএস দায়ী। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে আছি। এটা বিজেপির জঘন্য খেলা।’#

পার্সটুডে/এমএএইচ/এআর/২২