বিজেপি’র 'বাংলা বনধ'কে বেআইনি ঘোষণার দাবিতে কোলকাতা হাইকোর্টে মামলা
https://parstoday.ir/bn/news/india-i64538-বিজেপি’র_'বাংলা_বনধ'কে_বেআইনি_ঘোষণার_দাবিতে_কোলকাতা_হাইকোর্টে_মামলা
পশ্চিমবঙ্গে বিজেপি’র ডাকা বাংলা বনধকে বেআইনি ঘোষণার দাবিতে কোলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন আইনজীবী ইদ্রিস আলী এমপি। আজ (সোমবার) তিনি হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের সমন্বিত বেঞ্চে ওই মামলা করেন। রাজ্যে আইন-শৃঙ্খলা অবনতির অভিযোগে বিজেপি আগামী ২৬ সেপ্টেম্বর বাংলা বনধের ডাক দিয়েছে।    
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০১৮ ১৬:১১ Asia/Dhaka

পশ্চিমবঙ্গে বিজেপি’র ডাকা বাংলা বনধকে বেআইনি ঘোষণার দাবিতে কোলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন আইনজীবী ইদ্রিস আলী এমপি। আজ (সোমবার) তিনি হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের সমন্বিত বেঞ্চে ওই মামলা করেন। রাজ্যে আইন-শৃঙ্খলা অবনতির অভিযোগে বিজেপি আগামী ২৬ সেপ্টেম্বর বাংলা বনধের ডাক দিয়েছে।    

কোলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ইদ্রিস আলী এমপি এ প্রসঙ্গে রেডিও তেহরানকে বলেন, ‘অল ইন্ডিয়া মাইনরিটি ফোরাম’-এর পক্ষ থেকে বিজেপি’র ডাকা ‘বাংলা বনধ’কে বেআইনি ঘোষণার দাবিতে কোলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করা হয়েছে। বনধ ডাকা বেআইনি ও সংবিধান বিরোধী। কোলকাতা হাইকোর্ট, কেরলা হাইকোর্ট, বম্বে হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট বারে বারে আদেশ দিয়েছে বেআইনি বনধের বিরুদ্ধে। তা সত্ত্বেও আগামী ২৬ সেপ্টেম্বর আইনকে চ্যালেঞ্জ করে বিজেপি-আরএসএসের ডাকা বনধ প্রত্যাহার করার আদেশ দেয়া হোক। একইসঙ্গে বিজেপি ও আরএসএসের রেজিস্ট্রেশন বাতিল করার দাবি জানানো হয়েছে।’

ইদ্রিস আলী এমপি

তিনি বলেন, ‘প্রস্তাবিত বনধকে বেআইনি ও সংবিধানবিরোধী অভিহিত করা ছাড়াও যদি বাংলা বনধে বিজেপি অনড় থাকে তাহলে রাজ্যে যেসব ক্ষতি হবে একটি কমিটি গঠন করে তার রিপোর্ট হাইকোর্টে দাখিল করা হোক। একইভাবে সরকারি কর্মীরা যদি বনধের দিন কাজে যোগ না দেন তাহলে তাদের একদিনের বেতন কাটা হোক। এবং তা কোলকাতা হাইকোর্টসহ সমস্ত আদালতের ক্ষেত্রেও প্রযোজ্য হোক।’

আইনজীবী ইদ্রিস আলীর বক্তব্য শুনে প্রধান বিচারতির নেতৃত্বাধীন দুই বিচারপতির সমন্বিত বেঞ্চ জনস্বার্থ মামলাটি গ্রহণ করেছেন এবং আগামীকাল (মঙ্গলবার) ওই মামলার শুনানি হবে।

ইদ্রিস আলী বলেন, বিজেপি আগেই একদিন উত্তর দিনাজপুর জেলায় বনধ ডেকেছে তা সত্ত্বেও আবার এই বাংলা বনধের কী প্রয়োজন আছে? যেখানে এক হাজার কোটি টাকারও বেশি ক্ষতি হবে।

সম্প্রতি উত্তর দিনাজপুর জেলার দাড়িভিট উচ্চ বিদ্যালয়ে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে বিবাদের জেরে ছাত্র-জনতা ও পুলিশের মধ্যে সংঘর্ষে রাজেশ সরকার ও তাপস বর্মণ নামে দুই প্রাক্তন ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারা যান। বিজেপি-আরএসএসের দাবি, পুলিশের গুলিতে তাদের মৃত্যু হয়েছে। কিন্তু রাজ্য সরকার ওই অভিযোগ নাকচ করে দিয়েছে।

ওই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগে বিজেপি ২৬ সেপ্টেম্বর বাংলা বনধের ডাক দিয়েছে। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল সরকার বিজেপির ওই বনধকে ব্যর্থ করার জন্য জনসাধারণের উদ্দেশ্যে আবেদন জানিয়েছে। তৃণমূল সর্বশক্তি দিয়ে ওই বনধ মোকাবিলা করবে বলেও ঘোষণা দিয়েছে।#   

পার্সটুডে/এমএএইচ/এআর/২৪