পশ্চিমবঙ্গের দমদমে শক্তিশালী বোমা বিস্ফোরণ: নিহত ১, আহত ৯
ভারতের পশ্চিমবঙ্গের দমদমের নাগেরবাজারে একটি পাঁচতলা বাড়ির নিচে শক্তিশালী বোমা বিস্ফোরণে বিভাস ঘোষ নামে আট বছর বয়সী এক শিশু নিহত এবং কমপক্ষে ৯ জন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৯টা নাগাদ যশোহর রোডের উপর নাগেরবাজারে একটি গোডাউনের সামনে আচমকা প্রবল বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকা কেঁপে ওঠে এবং বিস্ফোরণের পরেই সড়কের উপরে রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন বেশ কয়েকজন।
ব্যারাকপুরের পুলিশ কমিশনার রাজেশ কুমার বলেন, দেশীয় পদ্ধতিতে বানানো উচ্চক্ষমতা সম্পন্ন সকেট বোমা ব্যবহার করা হয়েছে বলে মনে হচ্ছে।

ওই ঘটনা প্রসঙ্গে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপি’র দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, ‘বিস্ফোরণে এক শিশু মারা গেছে। দমদমের মতো জনবহুল এলাকায় সকেট বোমা রেখে গেছে। এমন ঘটনা কোনোদিন আমি দেখেনি। বিজেপি মানুষ মারার পরিকল্পনা করছে। বিজেপি এখানে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। আমাদের ছেলেরা প্রতিরোধ করবে।’
এ ব্যাপারে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘রাজ্যে কিছু হলেই বিজেপির ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে। তদন্ত হওয়ার আগেই মন্ত্রী বলে দিচ্ছেন, কোন সংগঠন বিস্ফোরণ ঘটিয়েছে, কী বোমা ব্যবহার হয়েছে! কী করে বলেন? উনি কি জ্যোতিষী নাকি! আমরা ওই ঘটনায় জাতীয় তদন্ত সংস্থা এনআইএ তদন্তের দাবি জানাচ্ছি।’#
পার্সটুডে/এমএএইচ/এআর/২