পশ্চিমবঙ্গে অশান্তির আশঙ্কায় বিজেপি’র রথযাত্রার অনুমতি দেইনি হাইকোর্ট
https://parstoday.ir/bn/news/india-i66385-পশ্চিমবঙ্গে_অশান্তির_আশঙ্কায়_বিজেপি’র_রথযাত্রার_অনুমতি_দেইনি_হাইকোর্ট
ভারতের পশ্চিমবঙ্গে অশান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কায় বিজেপি’র প্রস্তাবিত রথযাত্রার অনুমতি দিল না কোলকাতা হাইকোর্ট। কুচবিহার জেলা প্রশাসন বিজেপি’র প্রস্তাবিত রথযাত্রার অনুমতি না দেয়ায় গতকাল (বুধবার) কোলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। আজ (বৃহস্পতিবার) আদালতে সরকারপক্ষ ও আবেদনকারী বিজেপি পক্ষের সাফাই শোনার পরে হাইকোর্ট রথযাত্রার অনুমতি দেয়নি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ০৬, ২০১৮ ১৬:৫৯ Asia/Dhaka
  • কোলকাতা হাইকোর্ট
    কোলকাতা হাইকোর্ট

ভারতের পশ্চিমবঙ্গে অশান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কায় বিজেপি’র প্রস্তাবিত রথযাত্রার অনুমতি দিল না কোলকাতা হাইকোর্ট। কুচবিহার জেলা প্রশাসন বিজেপি’র প্রস্তাবিত রথযাত্রার অনুমতি না দেয়ায় গতকাল (বুধবার) কোলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। আজ (বৃহস্পতিবার) আদালতে সরকারপক্ষ ও আবেদনকারী বিজেপি পক্ষের সাফাই শোনার পরে হাইকোর্ট রথযাত্রার অনুমতি দেয়নি।

আজ ওই মামলার শুনানির সময় বিচারপতি তপোব্রত চক্রবর্তী রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে জিজ্ঞেস করেন, ‘বিজেপি প্রথমে পুলিশের ডিজি ও পরে আইজির কাছে অনুমতি চাইলেও তাদেরকে অনুমতি দেওয়া হয়নি কেন? গভর্নরও এ বিষয়ে জিজ্ঞেস করেছেন কিন্তু তারপরেও কেন মনে হয়নি অনুমতি দেয়া যায়?’

বিচারপতির প্রশ্নের উত্তরে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত সাফ জানান, পুলিশের ডিজি বা আইজি ওই অনুমতি দেয়ার উপযুক্ত কর্তৃপক্ষ নন। এছাড়া গভর্নরেরও ওই বিষয়ে হস্তক্ষেপ করার কোনও সাংবিধানিক এখতিয়ার নেই।’

এদিন মামলার শুনানিতে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, মিছিল হলে অশান্তি ও আইনশৃঙ্খলা নষ্ট হতে পারে। তিনি মুখবন্ধ খামে রথযাত্রা সংক্রান্ত গোয়েন্দা রিপোর্ট আদালতে জমা দেন। আদালতে জমা দেয়া ওই রিপোর্ট অত্যন্ত স্পর্শকাতর বলেও কিশোর দত্ত তাঁর সাফাইতে উল্লেখ করেন।

বিজেপি রথযাত্রা বা 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচির অনুমতি ও নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে একাধিকবার আবেদন জানানো সত্ত্বেও পুলিশ প্রশাসন নীরব রয়েছে অভিযোগে কোলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। হাইকোর্ট উভয়পক্ষের বক্তব্য শোনার পরে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত বিজেপি রথযাত্রা করতে পারবে না বলে জানিয়েছে। ৯ জানুয়ারি ওই মামলার পরবর্তী শুনানি হবে।

আগামী ৭ ডিসেম্বর কুচবিহার থেকে 'গণতন্ত্র রক্ষার স্বার্থে মিছিল' নামে বিজেপির রথযাত্রা শুরু হওয়ার কথা ছিল। এছাড়া গঙ্গাসাগর ও তারাপীঠ থেকে আরও দু'টি রথযাত্রার কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। কিন্তু হাইকোর্টের রায়ে বিজেপি বড় ধাক্কা খেয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৬