সাম্প্রদায়িক বিজেপিকে ভারত ছাড়া করব: যুব তৃণমূল কংগ্রেস
https://parstoday.ir/bn/news/india-i66615-সাম্প্রদায়িক_বিজেপিকে_ভারত_ছাড়া_করব_যুব_তৃণমূল_কংগ্রেস
ভারতের পশ্চিমবঙ্গের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘আমরা সাম্প্রদায়িক বিজেপিকে ভারত ছাড়া করব।’ গতকাল (শনিবার) বিকেলে উত্তর ২৪ পরগণা জেলার পানিহাটিতে দলীয় এক বিশাল জনসমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ১৬, ২০১৮ ০৯:৪৭ Asia/Dhaka
  • অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি
    অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি

ভারতের পশ্চিমবঙ্গের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, ‘আমরা সাম্প্রদায়িক বিজেপিকে ভারত ছাড়া করব।’ গতকাল (শনিবার) বিকেলে উত্তর ২৪ পরগণা জেলার পানিহাটিতে দলীয় এক বিশাল জনসমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।

হিন্দুত্ববাদী বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বন্দোপাধ্যায় বলেন, ‘যারা বলেছিল, রথের চাকায় গুঁড়িয়ে দেবো, মেরে দেবো, কেটে দেবো, সরিয়ে দেবো, হটিয়ে দেবো, তাদের কি করুণ পরিণতি হয়েছে, দেশের মানুষ তা প্রত্যক্ষ  করেছে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন ছত্তিসগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ এই রাজ্যগুলোতে মোদি ঝড় শেষ হয়ে গেছে। বিজেপি গরুর নামে, মন্দিরের নামে, ধর্মের নামে, বিভাজনের রাজনীতি করছে।’ 

বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘আগে নিজেরা রাজস্থান সামলা, মধ্যপ্রদেশ সামলা, ছত্তিশগড় সামলা, দিল্লি সামলা, তারপরে ভাবিস বাংলা। চারটে রাজ্য হাতছাড়া হয়ে গেছে, আগামী দিনে আরো হবে। বাংলার  মমতাকে বাংলা ছাড়া করতে গিয়ে তোদের মোদি আগামীতে দিল্লি ছাড়া হবে।’   

অভিষেক বলেন, ‘আগে সিপিএম বলত, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ। এখন বিজেপি বলে, জয় শ্রীরাম-মানুষের মাথার নেইকো দাম, জয় শ্রীরাম-দাঙ্গা করাই একমাত্র কাম, জয় শ্রীরাম-গ্যাসের সিলিন্ডারের এক হাজার টাকা দাম, জয় শ্রীরাম-তেলের কেজি একশ’ টাকা দাম, জয় শ্রীরাম-ভেঙে গুঁড়িয়ে দেয়াই আমাদের একমাত্র কাম!’

গরু নিয়ে রাজনীতি প্রসঙ্গে বিজেপি’কে কটাক্ষ করে যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বলেন, ‘যে গরু ২০১৪ সালে দুধ দিয়েছিল, সেই গরু এখন গোবর দিয়ে মুখে কালি মাখিয়ে দিয়েছে। ওদের কাজ হিন্দু-মুসলমানের একতাকে নষ্ট করা, বিভাজনের রাজনীতি করে বড় বড় কথা বলা।’

‘আমরা রক্ত দিয়ে বাংলার সম্প্রীতিকে রক্ষা করব, তোমাদের (বিজেপি) কাছে বাংলার মানুষ মাথা নত করবে না’ বলেও মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৬