পশ্চিমবঙ্গে বিজেপি’র আইন অমান্য কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, গ্রেফতার ৫০
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাটে বিজেপি’র আইন অমান্য কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ব্যাপক লাঠিচার্জের পাশাপাশি পঞ্চাশ জনকে গ্রেফতার করেছে। আজ (সোমবার) রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে আইন অমান্য কর্মসূচি পালন করার সময় পুলিশকে লক্ষ্য করা পাথর নিক্ষেপ করার পরে পুলিশ মারমুখী হয়ে বিজেপি কর্মী-সমর্থকদেরকে লাঠিপেটা করে।
বিজেপি বসিরহাটে সভা করার অনুমতি চেয়ে আবেদন জানালেও প্রশাসন অনুমতি না দেয়ায় তারা আইন অমান্য কর্মসূচির ডাক দেয়। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ওই কর্মসূচির নেতৃত্ব দেন। তিনি আজ একটি মিনি-ট্রাকের উপরে দাঁড়িয়ে উপস্থিত সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন। পরে বিজেপি কর্মীরা বসিরহাট মহকুমা প্রশাসকের দফতরের দিকে মিছিল করে গেলে পুলিশ ওই এলাকায় লোহার ব্যারিকেড দিয়ে বাঁধার সৃষ্টি করে। মিছিলকারীরা ‘জয় শ্রীরাম’ ও ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দিয়ে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। পরে এক পর্যায়ে পুলিশকে লাঠি চালাতে হয়।
দিলীপ ঘোষ বলেন, ‘এ ধরণের গণকর্মসূচিতে কোনও নিয়ন্ত্রণ থাকে না। কেউ আসছে, কেউ ইট মারছে, ঝামেলা করছে। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। আমাদের সমর্থকদের বলে দিয়েছিলাম যে, কেউ অশান্তি করব না, আমরা শান্তিপূর্ণভাবে আইন অমান্য করব। কিন্তু মিছিল কিছুটা এগোতেই আমরা দেখতে পাই, একটা জায়গায় ইট-পাথর জড়ো করা রয়েছে। কয়েকজন আচমকা সেই ইট নিয়ে পুলিশের দিকে ছুড়তে শুরু করেন। এ সময় পুলিশি অ্যাকশন শুরু হয়। পুলিশ বিজেপির পঞ্চাশ জন কর্মীকে গ্রেফতার করেছে।’ তাঁদের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করেনি বলেও বিজেপি সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন।
অন্যদিকে, পশ্চিমবঙ্গের খাদ্য মন্ত্রী ও উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, 'বিজেপি ক্ষমতার লোভে পুলিশকে পেটাতেও পিছপা হচ্ছে না। তারা গোটা রাজ্যে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। সেজন্য দিলীপ ঘোষের শাস্তি হওয়া উচিত। কিন্তু আমরা গণতন্ত্রে বিশ্বাসী হওয়ায় কিছু করছি না।’#
পার্সটুডে/এমএএইচ/এআর/২৪