লোকসভা নির্বাচনে বিজেপিকে ঝেটিয়ে বিদায় করতে হবে: অভিষেক
-
অভিষেক বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে ‘ঝেটিয়ে বিদায়’ করার ডাক দিয়েছেন। গতকাল (শনিবার) পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুরে এক জনসভায় ভাষণ দেয়ার সময় ওই আহ্বান জানান।
অভিষেক বলেন, ‘মাথায় রাখবেন যারা বন্দুক নিয়ে সন্ত্রাস করেছে তারাই এখন ‘গেরুয়া জামা’ পরে ‘পদ্মফুল’ (বিজেপি’র প্রতীক পদ্মফুল) নিয়ে ঘুরে বেড়াচ্ছে। পাত্রটা নতুন হলেও খাবারটা কিন্তু পচা। সেজন্য বাংলার মানুষকে আমি অনুরোধ করছি আসুন আমরা ঐক্যবদ্ধ থেকে আগামীদিন এদেরকে যাতে ঝেটিয়ে যেক’টা জঞ্জাল পড়ে আছে এমনিতেই আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচনে আমরা সাফ করে দিয়েছি। সেই পঞ্চায়েতে যেক’টা জঞ্জাল পড়ে আছে, আগামী লোকসভা নির্বাচনে আমরা সেগুলোকে ঝেটিয়ে বিদায় করার ব্যবস্থা করব।’
সিপিএম ও বিজেপি’র সমালোচনা করে অভিষেক বলেন, ‘পশ্চিমবঙ্গে সিপিএম ৩৪ বছর ধরে বলত, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাব, তোমরা বাদ। ইনকিলাব জিন্দাবাদ, লাল খাবে, সবুজ বাদ। ইনকিলাব জিন্দাবাদ, হার্মাদ খাবে, মানুষ বাদ। আর এখন বিজেপি বলছে, জয় শ্রীরাম, মানুষের মাথার নেই কোনো দাম, জয় শ্রীরাম, দাঙ্গা লাগানোই একমাত্র কাম, জয় শ্রীরাম, পেট্রোল-ডিজেল একশ’ টাকা দাম, জয় শ্রীরাম, রান্নার গ্যাসের একহাজার টাকা দাম!’
আগামী ১৯ জানুয়ারি তৃণমূলের নেতৃত্বে কোলকাতার ব্রিগেড ময়দানে বিজেপিবিরোধী নেতাদের সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের কাছে ব্রিগেডের সমাবেশ অত্যন্ত প্রাসঙ্গিক। এই সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় ‘বিজেপি ভারত ছাড়ো’র ডাক দেবেন। প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে আমাদের জয়ী হতে হবে। একটি বুথেও যেন ‘সাম্প্রদায়িক অসুরগুলো’ গণতান্ত্রিকভাবে মাথাচাড়া দিয়ে দাঁড়াতে না পারে, তা আমাদের সুনিশ্চিত করতে হবে।’
বিজেপি ও তৃণমূল কংগ্রেসের পার্থক্য বোঝাতে গিয়ে অভিষেক বলেন, ‘ওঁদের রাজনীতিটা ‘ধর্ম’ নিয়ে, আমাদের রাজনীতি ‘কর্ম’ নিয়ে। ওঁদের রাজনীতি ‘জাত’ নিয়ে, আমাদের রাজনীতি ‘ভাত’ নিয়ে। ওঁদের রাজনীতি ‘বাবরী’ নিয়ে, আমাদের রাজনীতি ‘চাকরি’ নিয়ে। ওঁদের রাজনীতি ‘অস্ত্র’ নিয়ে, আমাদের রাজনীতি ‘বস্ত্র’ নিয়ে। ওঁদের রাজনীতি ‘কবরস্থান’ নিয়ে, আমাদের রাজনীতি ‘কর্মসংস্থান’ নিয়ে।’
অভিষেক স্লোগান তুলে বলেন, ‘দু’হাজার উনিশ, বিজেপি ফিনিশ, ‘অনেক হয়েছে মোদি, এবার ছাড়ো গদি’, ‘আগামীদিন তৃণমূল আসছে তেড়ে, পালাবি তোরা দিল্লি ছেড়ে’, ‘বিজেপি হটাও, দেশ বাঁচাও’।
তিনি এদিন তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে ধর্মনিরপেক্ষ সরকার তৈরির লক্ষ্যে বাংলাকে এগিয়ে দেয়ার আহ্বান জানান।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৬