বিজেপি মানুষকে ধর্ম গিলিয়ে ভারতকে ধ্বংসস্তূপে পরিণত করেছে: অভিষেক
-
বক্তৃতা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি
ভারতের পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও সর্বভারতীয় যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি মানুষকে ধর্ম গিলিয়ে নিজেদের পকেট ভরিয়েছে আর ভারতকে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে। গতকাল (বৃহস্পতিবার) পশ্চিমবঙ্গের উলুবেড়িয়ার কুলগাছিয়া গ্রামীণ মেলা ময়দানে এক সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।
অভিষেক বলেন, “ভারতবর্ষ দু’বার লুট হয়েছে, একবার ইংরেজদের আমলে ১৯৪৭ সালের আগে। আরেকবার ২০১৪ থেকে ২০১৯ অবধি নরেন্দ্র মোদির সরকারের আমলে। আগামীদিন এদেরকে ‘ঝেঁটিয়ে ভারত ছাড়া’ করতে হবে। আর যেক’টা ‘আবর্জনা’ বাংলার বুকে পড়ে আছে আগামীদিনের নির্বাচনে মানুষ তার উপযুক্ত জবাব দেবে।”
তিনি বলেন, “নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, ‘তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো।‘ বিজেপি’র সাম্প্রদায়িক অসুরেরা বলছে ‘তোমরা আমাকে গদি দাও, আমি তোমাদের রক্তস্নাত নদী দেবো।’ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের ৪২টিই দাও (জয়ী করো), আমি তোমাকে আগামীদিন দিল্লির বুকে এক শান্তিপ্রিয়, প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ দেবো’।”
তিনি বলেন, ‘আমাদের দৃঢ় বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় আগামীদিন দেশ পরিচালনা করবেন।’
অভিষেক বলেন, “ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। গত দু’মাস আগে পেট্রোলের দাম ছিল ৮৮ টাকা। তিনটি বিধানসভা নির্বাচনে বিজেপি ভোকাট্টা হয়ে গেছে। বিজেপি যত হেরেছে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম কমেছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমেছে।”
তিনি বলেন, “রাজস্থানে ৯২ শতাংশ, ছত্তিসগড়ে ৯৪ শতাংশ এবং মধ্যপ্রদেশে ৯২ শতাংশ ভোটার হিন্দু হওয়া সত্ত্বেও বিজেপি এসব জায়গায় পরাজিত হয়েছে।”
যারা হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে নিজেদের দাবি করেছিল সেই হিন্দুরাই বিজেপিকে কুপোকাত করে দিয়েছে বলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/১১
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন