আহমদ হাসানের হাত থেকে ট্রাই সাইকেল পেয়ে খুশি প্রতিবন্ধীরা
https://parstoday.ir/bn/news/india-i67317-আহমদ_হাসানের_হাত_থেকে_ট্রাই_সাইকেল_পেয়ে_খুশি_প্রতিবন্ধীরা
ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার এমপি ও বিশিষ্ট সাংবাদিক আহমদ হাসান প্রতিবন্ধীদের মধ্যে ট্রাই সাইকেল বিলি করেছেন। আজ (রোববার) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বুনোরআটি ইউসুফ ইসমাইল মেমোরিয়াল হাই স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তিনি প্রায় একশ’ পঞ্চাশ জনের মধ্যে ব্যাটারিচালিত যান্ত্রিক ট্রাই সাইকেল বিলি করেন।   
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ১৩, ২০১৯ ১৬:৫২ Asia/Dhaka
  • প্রতিবন্ধীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আহমদ হাসান
    প্রতিবন্ধীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আহমদ হাসান

ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার এমপি ও বিশিষ্ট সাংবাদিক আহমদ হাসান প্রতিবন্ধীদের মধ্যে ট্রাই সাইকেল বিলি করেছেন। আজ (রোববার) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বুনোরআটি ইউসুফ ইসমাইল মেমোরিয়াল হাই স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানে তিনি প্রায় একশ’ পঞ্চাশ জনের মধ্যে ব্যাটারিচালিত যান্ত্রিক ট্রাই সাইকেল বিলি করেন।   

ওই অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় সংসদ সদস্য ও দৈনিক ‘পুবের কলম’ পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান বলেন, ‘আর্ত মানুষের সেবায় আমরা হিন্দু, মুসলিম দেখি না, আমরা দেখি মানুষ। কে কোন দল করেন আমরা সেটাও দেখি না। আমরা চাই মানুষকে সেবা করতে। আল্লাহ্‌র বাণী ও রসুলের (সা.) বাণীকে সামনে রেখে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উদ্বুদ্ধ হয়ে আমরা এগিয়ে যাচ্ছি।’

উপস্থিত প্রতিবন্ধী মানুষদের উদ্দেশ্যে আহমদ হাসান ইমরান বলেন, ‘আপনারা যারা ব্যাটারি চালিত ট্রাই সাইকেল পাবেন, তাঁদের জীবনে যদি এটি একটু সহায়ক হয়, আপনারা হাটে-বাজারে যেয়ে ব্যবসা করতে পারেন, কেনাকাটা করতে পারেন, আপনারা যদি একটু আত্মীয় বাড়িতে যেতে পারেন সেজন্য আমরা সত্যিই খুব খুশি হবো।’

তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ‘আসুন আমরা সকলে মিলে ‘সোনার বাংলা’ গড়ে তুলি। উন্নত দেশ গঠনে এগিয়ে যাই।’

প্রসঙ্গত, এর আগেও আহমদ হাসান ইমরানের উদ্যোগে শারীরিক প্রতিবন্ধকতা সম্পন্ন মানুষদের ক্র্যাচ, কানে শোনার যন্ত্র ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

এদিন হাড়োয়া থানা এলাকার বাসিন্দা গোলাম রসুল মোল্লা ব্যাটারি চালিত ট্রাই সাইকেল পেয়ে সন্তোষ প্রকাশ বলেন, ‘আমরা ওই ট্রাই সাইকেল পেয়ে বেঁচে গেছি। এতদিন হাত দিয়ে ট্রাই সাইকেল চালিয়ে অত্যন্ত কষ্ট করে চলাফেরা করতে হতো। আজ ব্যাটারি চালিত ট্রাই সাইকেল পেয়ে খুব উপকৃত হলাম।’

মধ্যমগ্রাম থানা এলাকার বাসিন্দা আসমত আলী বলেন, ‘আহমদ হাসান সাহেবের তুলনা নেই। উনি আগে আমাদের হ্যান্ড ট্রাই সাইকেল দিয়েছিলেন। এখন ব্যাটারি চালিত যে ট্রাই সাইকেল দিয়েছেন তাতে আরও উপকৃত হলাম। প্রতিন্ধীদের জন্য মানুষ ভাবেন, কিন্তু ওনার মতো এভাবে ভাবতে কাউকে দেখিনি। গাড়িটির পিছনে যেটুকু জায়গা রয়েছে তাতে আমরা আইসক্রিম, চানাচুর বা অন্য কোনো ব্যবসা করে উপার্জন করতে পারব।’

ভারত সরকারের সামাজিক ন্যায় ও অধিকার প্রদান মন্ত্রকের এডিপিআই প্রকল্পের অধীনে প্রতিবন্ধীদের সহায়তা প্রদান কর্মসূচিতে আজকের মুখ্য আয়োজক ছিলেন আহমদ হাসান ইমরান।

ওই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বিশিষ্ট আইনজীবী ইদ্রিস আলী, সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান, সামাজিক ও শিক্ষামূলক সংস্থা ‘সিরাত’-এর রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান প্রমুখ। অনুষ্ঠানটির সামগ্রিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট সমাজসেবী কবিরুল সরদার ও আনারুল সরদার। সঞ্চালনায় ছিলেন আকাশ মন্ডল।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৩

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন