ভারতের মানুষকে সর্বশান্ত করে মোদি আধিপত্য প্রতিষ্ঠা করতে চাচ্ছেন: অভিষেক
https://parstoday.ir/bn/news/india-i67328-ভারতের_মানুষকে_সর্বশান্ত_করে_মোদি_আধিপত্য_প্রতিষ্ঠা_করতে_চাচ্ছেন_অভিষেক
ভারতের পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও সর্বভারতীয় যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের মানুষকে সর্বশান্ত করে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। গতকাল (রোববার) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় এক জনসমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ১৪, ২০১৯ ১০:০৮ Asia/Dhaka
  • বক্তব্য রাখেন অভিষেক বন্দোপাধ্যায়
    বক্তব্য রাখেন অভিষেক বন্দোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের সংসদ সদস্য ও সর্বভারতীয় যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের মানুষকে সর্বশান্ত করে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাচ্ছেন। গতকাল (রোববার) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় এক জনসমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।  

আগামী ১৯ জানুয়ারি তৃণমূলের নেতৃত্বে কোলকাতার ঐতিহাসিক ব্রিগেড ময়দানে বিজেপিবিরোধী নেতাদের সমাবেশকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনায় সোচ্চার হন।   

তিনি বলেন, ‘এমন একটা সময়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘ব্রিগেডে চলো’ ডাক দিয়েছেন যখন ভারতের স্বৈরাচারী কিছু শক্তি আমাদের দেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।’ 

অভিষেক বিজেপি নেতাদের কটাক্ষ করে বলেন, ‘সাম্প্রদায়িক অসুরদের চোখ রাঙানি আমরা মেনে নেব না। ভুলভাল কথা বলে মানুষের চোখে ধূলো দিয়ে আর যাই হোক বাংলা দখল করা যাবে না। বাংলা ভাষা জানে না, বাংলা লিখতে জানে না, বাংলা পড়তে জানে না, শুধু বড় বড় হুঙ্কার!’   

বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ত্যাগ করা প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গত ২০১৪ সাল থেকে ২০১৯ সালে এপর্যন্ত  সাড়ে চার বছরে ছয়টা রাজনৈতিক দল বিজেপি ছেড়ে বেরিয়ে গেছে। অর্থাৎ অমিত শাহ'র (বিজেপি’র সর্বভারতীয় সভাপতি) ‘খাটালে’ কেউ আর থাকতে চাচ্ছে না। এটা সকলের কাছে প্রমাণিত হয়ে গেছে। অসম গণ পরিষদ, তেলেগু দেশম পার্টি, শিবসেনাসহ একাধিক রাজনৈতিক দল এনডিএ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে এবং কেউ কেউ বেরিয়ে গেছে।’

আগামীদিনে সকলকে ঐক্যবদ্ধ করে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারতে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করা হবে বলেও অভিষেক মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/১৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন