পশ্চিমবঙ্গে রথযাত্রার অনুমতি দেয়নি সুপ্রিম কোর্ট, ধাক্কা খেল বিজেপি
-
ভারতের সুপ্রিম কোর্ট
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির প্রস্তাবিত রথযাত্রার অনুমতি দিল না ভারতীয় সুপ্রিম কোর্ট। আদালতে এ সংক্রান্ত বিজেপি’র আবেদন আজ (মঙ্গলবার) খারিজ হয়ে যাওয়ায় দলটি বড় ধাক্কা খেয়েছে।
পশ্চিমবঙ্গে বিজেপির রথযাত্রাকে কেন্দ্র করে রাজ্যটিতে গত কয়েকমাস ধরে সরকারপক্ষ ও বিজেপি’র মধ্যে টানাপড়েন চলছে। রাজ্য সরকারের প্রশাসন রথযাত্রার অনুমতি না দেয়ায় বিজেপি’র পক্ষ থেকে কোলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। লোকসভা নির্বাচনের আগে রাজ্যের তিনটি জায়গা থেকে রথযাত্রা বা গণতন্ত্র বাঁচাও যাত্রা করতে চাচ্ছে বিজেপি।
আদালতে সরকারপক্ষ তার সাফাইতে জানায়- রথযাত্রার অনুমতি দিলে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়াসহ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। এ ব্যাপারে গোয়েন্দা রিপোর্টে অশান্তির আশঙ্কার কথাও আদালতে উল্লেখ করা হয়। হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী রথযাত্রার অনুমতি দিলেও পরবর্তীতে ডিভিশন বেঞ্চে তা খারিজ হয়ে যায়।
কোলকাতা হাইকোর্ট থেকে পরবর্তীতে ওই মামলা সুপ্রিম কোর্টে পৌঁছায়। কোলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে 'গণতন্ত্র বাঁচাও যাত্রা' বা রথ যাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য বিজেপি। কিন্তু সেখানেও আজ (মঙ্গলবার) প্রয়োজনীয় অনুমতি না মেলায় বিজেপি নিশ্চিতভাবেই বড় ধাক্কা খেলো বলে বিশ্লেষকরা মনে করছেন।
এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘আদালতের রায়কে আমরা স্বাগত জানাই। রাজ্য সরকার কী চাচ্ছে আদালত তা বুঝেছে। আর বিজেপি নিজেরাই জানত তাঁরা রথযাত্রা করতে পারবে না। ওঁদের সেই ক্ষমতা ও জনবল নেই। রথযাত্রার নাম করে ওঁরা পাড়ায় পাড়ায় দাঙ্গা বাধাতো। ওঁরা এরই মধ্যে হিন্দু-মুসলিমের মধ্যে বিভাজনের রাজনীতি করেছে। এসব হয় না। ওঁদের পাঁচ হাজার লোক নিয়েও মিছিল করার ক্ষমতা নেই। বিজেপি মুখে ‘মারিতং জগত’। (বিজেপির রাজ্য সভাপতি) দিলীপ ঘোষ পুলিশকে ইট মারা, বোমা মারার কথা বলছেন, উনি কী ধরণের রাজনৈতিক নেতা!’#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৫
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন