বাংলার তৃণমূল সরকারের গণেশ উল্টে দিতে এসেছি: অমিত শাহ
-
মঞ্চে অমিত শাহ ও দিলীপ ঘোষ
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন, 'বাংলার তৃণমূল সরকারের গণেশ উল্টে দিতে এসেছি। গণতন্ত্রের হত্যাকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উপড়ে ফেলতে হবে।' তিনি আজ (মঙ্গলবার) মালদহ জেলায় দলীয় কর্মসূচিতে ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
তাঁর অভিযোগ, বাংলায় তৃণমূল সরকারের আমলে বোমা-বন্দুকের কারখানা ফুলে ফেঁপে উঠেছে। অমিত শাহের দাবি, অনুপ্রবেশ করানোর, হত্যা করানোর তৃণমূল সরকার ক্ষমতাচ্যুত হবে। একবার বিজেপির সরকার গড়লে বাংলায় অপশাসন উপড়ে ফেলবেন। বিজেপিকে সরকার গড়তে দিলে তাঁরা মানুষের নিরাপত্তা দেবেন।
পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ ও নাগরিকত্ব ইস্যুতে অমিত শাহ বলেন, ‘সব হিন্দু শরণার্থীকে বলছি, বিজেপি তাঁদের নাগরিকত্ব দেবে।’ উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, ‘বিজেপিকে ক্ষমতায় আনুন, একজন অনুপ্রবেশকারীও বাংলায় ঢুকতে পারবে না।’
অন্যদিকে, পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘সর্বভারতীয় বিজেপি সভাপতি লোকসভা নির্বাচনে আমাদেরকে ২২টির বেশি আসনে জয়ী হওয়ার জন্য টার্গেট বেঁধে দিয়েছেন। আমরা ওই চ্যালেঞ্জ গ্রহণ করে ২২টির বেশি আসনে জয়ী হয়ে দিল্লিতে মোদিজিকে প্রধানমন্ত্রী করব।’
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে ৪২ টি লোকসভার আসন রয়েছে। বিজেপি এক্ষেত্রে অর্ধেকের বেশি আসনে জয়ী হওয়ার টার্গেট নিয়েছে।
এদিকে, বিজেপি সভাপতি অমিত শাহের মন্তব্য সম্পর্কে তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন বলেছেন, ‘মালদায় বিজেপি সভাপতির বক্তৃতা শোনার পর বোঝা যাচ্ছে তারা খুব ভয় পেয়েছেন। বিজেপি জানে ওদের সময় শেষ হয়ে এসেছে। ওরা রাজনৈতিকভাবে ভীত। ওদের বক্তৃতা খুব নিম্নরুচির এবং ভুল তথ্যে ভরা। ওরা বাংলার সংস্কৃতি জানে না। ওরা ভারতীয় সংস্কৃতিও জানে না।’
বিজেপি শূন্য পাওয়ার দিকে এগিয়ে চলেছে বলেও তৃণমূল মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন মন্তব্য করেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/২২
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন