লোকসভা ভোট গণনার পরেই তৃণমূল সরকারের পতন হবে: পশ্চিমবঙ্গে অমিত শাহ
https://parstoday.ir/bn/news/india-i67710-লোকসভা_ভোট_গণনার_পরেই_তৃণমূল_সরকারের_পতন_হবে_পশ্চিমবঙ্গে_অমিত_শাহ
ভারতের বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, আগামী লোকসভা নির্বাচনের ভোট গণনার পরেই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের পতন হবে। তিনি আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের কাঁথিতে দলীয় এক জনসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৯, ২০১৯ ১৭:৫৩ Asia/Dhaka
  • লোকসভা ভোট গণনার পরেই তৃণমূল সরকারের পতন হবে: পশ্চিমবঙ্গে অমিত শাহ

ভারতের বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, আগামী লোকসভা নির্বাচনের ভোট গণনার পরেই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের পতন হবে। তিনি আজ (মঙ্গলবার) পশ্চিমবঙ্গের কাঁথিতে দলীয় এক জনসভায় ভাষণ দেয়ার সময় ওই মন্তব্য করেন।

অমিত শাহ বলেন, ‘বাংলার মানুষ পরিবর্তন চাচ্ছেন। লোকসভা ভোটের গণনা শেষ হলে রাজ্যে মমতা সরকারের যে পতন হবে, সে সম্পর্কে সন্দেহের কোনও অবকাশ নেই।’

তিনি এদিন কংগ্রেসের পাশাপাশি তৃণমূলেও পরিবারতন্ত্র চালু রয়েছে বলে অভিযোগ করেন। তিনি বলেন, 'কংগ্রেস-তৃণমূল একই মুদ্রার দুই পিঠ। দুটি দলই পরিবারতন্ত্রে বিশ্বাসী। পরিবারতন্ত্র দেশের ভালো করে না।’

অমিত শাহ

নরেন্দ্র মোদিকে পুনরায় প্রধানমন্ত্রী করার পাশাপাশি বাংলার সরকার পরিবর্তনের ডাক দিয়ে অমিত শাহ বলেন, ‘বিজেপি এলেই অনুপ্রবেশ বন্ধ নিশ্চিত। একটা পায়রাকেও সীমান্ত পেরিয়ে ঢুকতে দেবো না।’

তাঁর দাবি, বাংলায় অনুপ্রবেশকারীদের জন্য সমস্ত ব্যবস্থা করে দেয়া হয়। কিন্তু উদ্বাস্তুদের জন্য কোনো ব্যবস্থা করা হয় না।

জনসভার একাংশ

তৃণমূল সরকারকে কটাক্ষ করে তিনি বলেন, ‘অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোটব্যাঙ্ক। সেজন্য তৃণমূল অনুপ্রবেশ বন্ধ করতে পারবে না।’ বিজেপি ক্ষমতায় এলে বাংলার সিন্ডিকেট রাজ ও চিটফান্ডের প্রতারকদের ছাড়া হবে না বলে অমিত শাহ মন্তব্য করেন।

পশ্চিমবঙ্গের শাসনভার বিজেপির হাতে গেলে, অনুপ্রবেশ বন্ধ হওয়ার পাশাপাশি হিন্দু, বৌদ্ধ শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পাবেন বলেও অমিত শাহ উল্লেখ করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/২৯ 

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন