ব্রিগেড ময়দান থেকে বিজেপি ও তৃণমূলকে উৎখাতের ডাক দিল বামফ্রন্ট
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে কেন্দ্রীয় বিজেপি সরকার ও রাজ্যে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়েছে বামফ্রন্ট। আজ (রোববার) সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্টের পক্ষ থেকে আয়োজিত সমাবেশ থেকে ওই আহ্বান জানানো হয়।
সমাবেশে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তাঁর ভাষণে বলেন, ‘২০১১ সালের পর থেকে এ রাজ্যে অবাধ ভোট দানের অধিকারকে বার বার হরণ করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে। মানুষের গণতান্ত্রিক অধিকারকে যেমন হরণ করে, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত করার অধিকারকেও কেড়ে নিচ্ছে।’
বিমান বসু বলেন, ‘রাজ্যে নানা অছিলায় আমাদের কমরেডদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যে মামলা, কয়েক হাজার মিথ্যে মামলা দেয়া হয়েছে। এজন্য প্রতিবাদ ও প্রতিরোধের দুর্গ তৈরি করতে হবে।’

বিমান বাবু বলেন, ‘যে দলটি আমাদের রাজ্য শাসন করছে, এই দল বিজেপির সঙ্গে ঘর করেছে। শুধু বিজেপির সঙ্গে ঘরই করেনি, আরএসএস-বিজেপির পত্রিকা পাঞ্চজন্য উদ্বোধনের সময় বলেছিলেন, আমি না আসলে জানতে পারতাম না যে আরএসএস কেমন ধরণের সংগঠন। সেই আরএসএসকে আমাদের পশ্চিমবাংলায় ঘাঁটি গাড়ার জন্য যদি কেউ প্রত্যক্ষভাবে যুক্ত থাকে, সহযোগিতা করে থাকে তাঁর নাম তৃণমূল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের মুখ্য নেত্রী। আজকে বিজেপির বিরুদ্ধে তৃণমূল কথা বলছে, তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কথা বলছে। আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, বিজেপি আর তৃণমূল, একই বৃন্তে দুটো ফুল।’
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি তাঁর ভাষণে বলেন, ‘আজকের এই জনসমুদ্র দেখে একটা কথা বিশ্বাস হয়ে গেছে, বাংলার জনগণ দিল্লি থেকে মোদিকে হটাবে আর বাংলা থেকে মমতাকে হটাবে।

প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, ‘চৌকিদারের ছুটির সময় হয়েছে। চুরি করা চৌকিদার চাই না দেশে। মোদির নীতি দেশকে ধ্বংস করে দিচ্ছে। দেশে সাম্প্রদায়িক বিভাজন ঘটানো হচ্ছে।’
ওই সমাবেশে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস, সিপিআইয়ের সাধারণ সম্পাদক সুধাকর রেড্ডি, আরএসপি’র নেতা ক্ষিতি গোস্বামী, সিপিএম নেতা ও সংসদ সদস্য মুহাম্মদ সেলিম, সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র, আদিবাসী নেত্রী দেবলীনা হেমব্রম, সিপিআই(এমএল) নেতা দীপঙ্কর ভট্টাচার্য প্রমুখ ভাষণ দেন।#
পার্সটুডে/এমএএইচ/এআর/৩
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন