কোলকাতায় গ্রেফতার হলেন কামরুজ্জামানসহ ২৫০ সুপারভাইজার
https://parstoday.ir/bn/news/india-i67934-কোলকাতায়_গ্রেফতার_হলেন_কামরুজ্জামানসহ_২৫০_সুপারভাইজার
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় সামাজিক সুরক্ষা প্রকল্প ‘মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্ট’ (এমজিএনআরইজিএ) বা একশ’ দিনের কাজের সুপারভাইজাররা বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমে গ্রেফতার হয়েছেন। আজ (বৃহস্পতিবার) সুপারভাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ কামরুজ্জামানসহ ২৫২ জনকে পুলিশ গ্রেফতার করে। তাঁদেরকে গ্রেফতার করে কোলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে নিয়ে যাওয়া হয়।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০১৯ ১৫:১৯ Asia/Dhaka
  • পুলিশের গাড়িতে মুহাম্মদ কামরুজ্জামান
    পুলিশের গাড়িতে মুহাম্মদ কামরুজ্জামান

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় সামাজিক সুরক্ষা প্রকল্প ‘মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি অ্যাক্ট’ (এমজিএনআরইজিএ) বা একশ’ দিনের কাজের সুপারভাইজাররা বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমে গ্রেফতার হয়েছেন। আজ (বৃহস্পতিবার) সুপারভাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ কামরুজ্জামানসহ ২৫২ জনকে পুলিশ গ্রেফতার করে। তাঁদেরকে গ্রেফতার করে কোলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে নিয়ে যাওয়া হয়।

চাকরিতে স্থায়ীকরণ, মাসিক ভাতা চালু ইত্যাদির দাবিতে সুপারভাইজাররা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। এ ব্যাপারে সংগঠনটির সভাপতি ও সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘বিভিন্ন দাবিতে কয়েক বছর ধরে সুপারভাইজাররা আন্দোলন করছেন। রাজ্য সরকার বারবার দাবি পূরণের প্রতিশ্রুতি দিলেও তা আজও কার্যকরী করা হয়নি। বর্তমানে রাজপথে সুপারভাইজারদের আন্দোলনের অনুমতিটুকুও দেয়া হচ্ছে না। আজ (বৃহস্পতিবার) সুপারভাইজার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কর্মীরা কোলকাতার মৌলালির রামলীলা পার্কে জমায়েত হন। সেখান থেকে মিছিলসহ ধর্মতলার রানী রাসমণি এভিনিউয়ে সভা করে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দেয়ার কর্মসূচি ছিল। কিন্তু কলকাতা পুলিশ ওই সভার অনুমতি দেয়নি। তাদের বক্তব্য মুখ্যমন্ত্রী স্মারকলিপি গ্রহণ করতে পারবেন না। তাঁর সচিবকে ওই স্মারকলিপি দিতে হবে। কিন্তু একাধিকবার মুখ্যমন্ত্রীর সচিবালয়ে স্মারকলিপি দিয়েও কোনো কাজ না হওয়ায় এবার আইন অমান্য আন্দোলন করা হলো।’

মুহাম্মদ কামরুজ্জামান রেডিও তেহরানকে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) বিভিন্ন জেলা থেকে সুপারভাইজাররা কোলকাতার রামলীলা পার্কে পৌঁছায়। কমপক্ষে দশ হাজার কর্মী মিছিল সহকারে রানী রাসমণি এভিনিউতে যেতে চাইলে পুলিশ রামলীলা পার্ক সংলগ্ন এলাকায় ব্যারিকেড তৈরি করে তাঁদেরকে বাধা দেয় এবং সেখানে থেকে দুইশ বাহান্নজন কর্মীকে গ্রেফতার করে।’ 

তিনি বলেন, ‘অনেক পঞ্চায়েত থেকে সুপারভাইজারদের কাজ থেকে বাদ দিয়ে দেয়া হচ্ছে। সুপারভাইজাররা বারো মাস কাজ করলেও তাঁরা মজুরি পান মাত্র একশ’ দিনের! রাজস্থানে সুপারভাইজারদের যেভাবে মাসিক ভাতা চালু রয়েছে এখানেও মাসিক ভাতা চালু করার দাবিতে দীর্ঘদিন আন্দোলন করা হচ্ছে।’

বিষয়টি নিয়ে রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী সুব্রত মুখার্জি, নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম ও মুখ্যমন্ত্রীর দফতরে একাধিকবার স্মারকলিপি দেয়া হলেও কোনও ফল না হওয়ায় আইন অমান্য কর্মসূচি হাতে নেয়া হয় বলেও সুপারভাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ কামরুজ্জামান জানান।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৭  

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন